শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ২৪ডটকম : বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সার্বিক ব্যবস্থাপনায় ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ-এর পৃষ্ঠপোষকতায় অনুর্ধ-১৭ জেলা রাগবি প্রতিযোগিতা উপলক্ষে ঢাকার পল্টনের শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনের উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহজাদা বসুনিয়া, রাগবি ফেডারেশনের সাধারণ সম্পাদক মৌসুম আলী, প্রতিযোগিতার চেয়ারম্যান তারেকুজ্জামান, টুর্নামেন্ট সম্পাদক, যুগ্ম-সম্পাদক সাঈদ আহমেদ, সদস্য পারভিন নাসিমা নাহার পতুল ও মোঃ সিরাজুল ইসলাম সহ আরও অনেকে।
এপ্রিল মাস থেকে পর্যায়ক্রমে ৫ মাসব্যাপী ২১টি জেলায় ছয় থেকে আটটি দল নিয়ে তিন দিন ব্যাপী প্রতিযোগিতাটি চলমান থাকবে এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান পর্যায়ক্রমে ১৫ লাখ টাকা বরাদ্দ দেবে। এছাড়া ফেডারেশন বল, জার্সি, ট্রফি দিয়ে সহায়তা করবে অংশগ্রহণকারী প্রতিটি জেলার দলগুলোকে এবং জেলাগুলোকে আর্থিক সহায়তা প্রদান করা হবে। জেলাগুলো হচ্ছে : (চট্টগ্রাম, পঞ্চগড়, রংপুর, দিনাজপুর, জয়পুরহাট, গাইবান্ধা, রাজশাহী, ঠাকুরগাঁও, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, বরগুনা, খাগড়াছড়ি, কুমিল্লা, হবিগঞ্জ, টাঙ্গাইল, জামালপুর, ফরিদপুর, কক্সবাজার, নড়াইল, নারায়ণগঞ্জ ও শরীয়তপুর)।