শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

ফাইনালের টিকিট বিকাল ৫টা পর্যন্ত পাওয়া যাবে 

স্পোর্টস ডেস্ক::

আগামীকাল মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আফগানিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ। ‘হাই ভোল্টেজ’ তকমা পাওয়া এই ম্যাচকে সামনে রেখে ক্রিকেটপ্রেমিদের উন্মাদনার শেষ নেই। তাদের সুবিধার্থে আজ থেকে শুরু হবে ম্যাচের টিকিট বিক্রি।

ত্রিদেশীয় সিরিজ শুরু হয়েছিলো ঢাকায়। ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হয়েছিলো প্রথম তিনটি ম্যাচ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিনটি ম্যাচ আয়োজনের পর আবারো সিরিজ ফিরেছে ঢাকায়। এখানেই হবে ফাইনাল ম্যাচ।

যথারীতি অপরিবর্তিত রয়েছে ফাইনালের টিকিটের মূল্যও। ঢাকার তিনটি ম্যাচে যে মূল্যে টিকিট কেটে খেলা দেখেছিলেন দর্শকেরা, ফাইনাল ম্যাচ দেখতে হলেও একই অর্থমূল্য খরচ করতে হবে তাদের।

ম্যাচে সবচেয়ে কম মূল্যের টিকিট ১০০ টাকার, ইস্টার্ন স্ট্যান্ডের। এছাড়া ১৫০ টাকা করে খরচ হবে সাউদার্ন ও নর্দার্ন স্ট্যান্ডের প্রতিটি টিকিট ক্রয় করতে। শহীদ জুয়েল স্ট্যান্ড ও শহীদ মুশতাক স্ট্যান্ডের টিকিটের মূল্য ৩০০ টাকা করে। এছাড়া ভিআইপি লাউঞ্জ ৫০০ টাকা, গ্র্যান্ড স্ট্যান্ড ১০০০ টাকা এবং বিসিবি হসপিটালিটি লাউঞ্জে ২০০০ টাকা মূল্যে একেকটি টিকিট পাওয়া যাবে।

মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের টিকিট বুথে সকাল ৯টা ৩০ থেকে বিকাল ৫টা পর্যন্ত ফাইনাল ম্যাচের টিকিট পাওয়া যাবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com