শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

প্লে-অফে মুশফিকের চিটাগং

স্পোর্টস ডেস্ক::

বিপিএলের ষষ্ঠ আসরে ইতিমধ্যে প্লে-অফে খেলা নিশ্চিত করেছে রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ানস। এবার তৃতীয় দল হিসেবে শেষ চার নিশ্চিত করল চিটাগং ভাইকিংস। টানটান উত্তেজনার ম্যাচে ঢাকা ডায়নামাইটসকে ১১ রানে হারিয়েছে মুশফিক বাহিনী। দুর্দান্ত এ বিজয়ে ১১ ম্যাচে ৭ জয় ও ৪ হারে ১৪ পয়েন্ট নিয়ে কোয়ালিফায়ারের টিকিট পেল তারা।

১৭৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ঢাকা। সূচনালগ্নেই উইকেটের পেছনে মোহাম্মদ শাহজাদের ক্যাচ বানিয়ে সুনিল নারাইনকে ফিরিয়ে দেন আবু জায়েদ। সেই রেশ না কাটতেই ইনফর্ম রনি তালুকদারকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। এ পরিস্থিতিতে শাহজাদের চতুরতায় মিজানুর রহমান রানআউটে কাটা পড়লে চাপে পড়ে দলটি।

চতুর্থ উইকেটে নুরুল হাসানকে নিয়ে চাপ কাটিয়ে ওঠেন সাকিব আল হাসান। ধুমধাড়াক্কা চার-ছয়ে চাপটা মূলত নিজেদের ওপর থেকে সরিয়ে দেন নুরুল। এক প্রান্ত আগলে রাখেন অধিনায়ক। অপর প্রান্ত থেকে স্টিম রোলার চালান তিনি। অবশ্য খুব বেশিদূর যেতে পারেননি উইকেটরক্ষক-ব্যাটসম্যান। ক্যামেরন ডেলপোর্টের এলবিডব্লিউ হয়ে ফেরার আগে ২৩ বলে ২টি চার-ছক্কায় ৩৩ রানের ঝড়ো ইনিংস খেলেন নুরুল। এতে জয়ের স্বপ্ন দেখতে শুরু করে ঢাকা। তবে খানিক পর কাইরন পোলার্ড রানআউটে কাটা পড়লে ফের বিপাকে পড়ে তারা।

সাকিব ও আন্দ্রে রাসেল সেই বিপর্যয় কাটিয়ে ওঠেন। ক্রিজে সেট হয়ে যান তারা। রীতিমতো চিটাগং বোলারদের ওপর তোপ দাগান। বলতে গেলে দুজনে স্টিম রোলার চালান। ফলে জয়ের স্বপ্ন দেখতে শুরু করে ঢাকা। কিন্তু রাসেল ফিরলে পাশার দান উল্টে যায়। অতিরিক্ত চড়াও হওয়ার খেসারত গুনে দাসুন শানাকার বলে ডেলপোর্টকে ক্যাচ তুলে দেন তিনি। ফেরার আগে ২৩ বলে ৪ চার ও ২ ছক্কায় ৩৯ রানের টর্নেডো ইনিংস খেলেছেন ক্যারিবীয় হিটার।

এবার জয়ের স্বপ্ন দেখতে শুরু করে চিটাগং। অল্পক্ষণ পর শুভাগত হোমকে কট অ্যান্ড বোল্ড করে তাতে জ্বালানি জোগান নাঈম হাসান। সেই রেশের মধ্যে স্ট্রোকের পসরা সাজানো সাকিবকে ফিনিশ করে স্বপ্ন পোক্ত করেন শানাকা। ৪২ বলে ৬ চারে ৫৩ রানের অসাধারণ ইনিংস খেলেন ঢাকা অধিনায়ক। পরক্ষণেই মাহমুদুল হাসানকে ফিরিয়ে একরকম জয় নিশ্চিত করেন আবু জায়েদ। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৬৩ রান তুলতে সক্ষম হয় সাকিব বাহিনী। এতে ১১ রানের শ্বাসরুদ্ধকর জয় পায় চিটাগং।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com