শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন

প্রিমিয়ার লীগের প্রথম দিনেই বারিধারাকে হারিয়ে শুভসূচনা করল বসুন্ধরা

বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী-এমপি লীগের উদ্বোধন করেন। বসুন্ধরা ও বারিধারা ম্যাচের একটি আক্রমণের দৃশ্য -একুশের কণ্ঠ

মুজিবুর রহমান বাবু, ই-কণ্ঠ ২৪ ডটকম : ১৩ জানুয়ারি বুধবার বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবল শুরু হয় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকাল ৪টায়, উত্তর বারিধারা ও বসুন্ধরা কিংসের মধ্যে। ফেডারেশন কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হওয়া বসুন্ধরা কিংসের এখনও আনন্দে ভাসছে, সেই আনন্দ প্রিমিয়ার লীগ ফুটবল খেলার শুরুর প্রথম দিনেই বারিধারাকে হারিয়ে শুভসূচনা করলো বসুন্ধরা কিংস। উত্তর বারিধারা-বসুন্ধরা কিংস ম্যাচ দিয়ে শুরু হয়েছে প্রিমিয়ার লিগের নতুন আসর। রাউল অস্কার বেসেরা গোল করলেন ও করালেন। আর্জেন্টাইন বংশোদ্ভূত এই চিলিয়ান ফরোয়ার্ডের নৈপুণ্যে উত্তর বারিধারাকে হারিয়ে প্রিমিয়ার লিগে শুভসূচনা করল বসুন্ধরা কিংস। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার লিগের উদ্বোধনী ম্যাচে উত্তর বারিধারাকে ২-০ গোলে হারায় বসুন্ধরা কিংস। প্রথমার্ধে বেসেরা দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান মোহাম্মদ ইব্রাহিম। বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী-এমপি লীগের উদ্বোধন করেন।

অপেক্ষাকৃত শক্তিশালী কিংসের বিপক্ষে পুরো নব্বই মিনিট সমানতালে লড়াই করা বারিধারা শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি। হারলেও বর্তমান চ্যাম্পিয়ন কিংসকে ঠিকই চ্যালেঞ্জ জানিয়েছে জাহিদুর রহমানের দল।

শক্তিশালী আক্রমণভাগ ছিল বলেই দুই গোলের জয় পেয়েছে বসুন্ধরা। লাতিন আমেরিকার তিন ফুটবলার ব্রাজিলের রবসন, জোনাথন এবং আর্জেন্টিনার অস্কারকে থামানোর জন্য রক্ষণভাগে পাঁচজনকে খেলান বারিধারা কোচ। ডিফেন্স এতটাই গোছাল ছিল যে বারিধারার বক্সের মধ্যে ঢুকতে পারছিল না কিংসের ফরোয়ার্ডরা। তাই দূর থেকে শট করে গোল করার চেষ্টায় অস্কার ব্রুজোনের দল; কিন্তু সফল হচ্ছিল না। অবশেষে ম্যাচের ৩৫ মিনিটে গোলের দেখা পায় বসুন্ধরা কিংস। বারিধারার ডি-বক্সের ডানপ্রান্ত থেকে উড়ন্ত ক্রস করেন কিংসের ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। সেই বল হেড করে বিপদমুক্ত করতে যান বারিধারার উজবেক ডিফেন্ডার ফজিলভ। কিন্তু সেই বলটি ব্যাক হেডে পরিণত হয়। বক্সের মধ্যে থাকা রাউল অস্কার বেসেরার হেডের মাধ্যমে গোল করলে স্বস্তি ফেরে কিংস শিবিরে। এই মৌসুমে এটি নিয়ে বেসেরার গোলসংখ্যা হলো ছয়টি। ফেডারেশন কাপে করেছিলেন পাঁচ গোল।

ফেডারেশন কাপে কিংসের সব গোলই করেছিলেন বিদেশিরা। অবশেষে দ্বিতীয়ার্ধ্বে কিংসের দেশি ফুটবলারের পায়ে গোল। ম্যাচের ৫৫ মিনিটে একক প্রচেষ্টায় বল নিয়ে দ্রুত বক্সের মধ্যে ঢুকে পড়ে ডান পায়ের প্লেসিং শটে বারিধারা গোলরক্ষক মামুন আলিফরকে পরাস্ত করেন মিডফিল্ডার মোহাম্মদ ইব্রাহিম। পিছিয়ে পড়া বারিধারা এরপর কয়েকবারই কাউন্টার অ্যাটাকে কিংস রক্ষণভাগকে কাঁপিয়ে দিলেও গোল করতে পারেনি। হারলেও শিষ্যদের প্রশংসা ঝরেছে কোচ জাহিদুরের কণ্ঠে, ‘আমাদের প্রতিপক্ষ কে, সেটা দেখতে হবে। তাদের বিপক্ষে ছেলেরা অসাধারণ পারফরম্যান্স করেছে।
প্রিমিয়ার লিগের দ্বিতীয় ম্যাচে আজ বাংলাদেশ পুলিশের মুখোমুখি হবে ঢাকা আবাহনী লিমিটেড।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com