শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক::
এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডটা এতদিন ফুটবলের রাজা পেলের দখলেই ছিল। আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি সেই রেকর্ড ছুঁয়েছিলেন শনিবার। মঙ্গলবার ব্রাজিল কিংবদন্তিকে পেছনে ফেলেছেন বার্সেলোনার প্রাণভোমরা। লা লিগায় তার রেকর্ড ভাঙার দিনে বার্সা ৩-০ গোলে হারিয়েছে রিয়াল ভায়াদোলিদকে।
রেকর্ড ভাঙা গোলটি হয়েছে দ্বিতীয়ার্ধে। ৬৫ মিনিটে পেদ্রির কাছ থেকে ব্যাক হিল পেয়ে বাম প্রান্ত দিয়ে দুর্দান্ত গোলটি করেছেন মেসি। অবশ্য ম্যাচের প্রথম গোলটিও ছিল তার বানিয়ে দেওয়া। ২১ মিনিটে মেসির দেওয়া ক্রস ধরেই হেড করেছিলেন লংলে। ৩৫ মিনিটে দ্বিতীয় গোলটি হয়েছে ডেস্টের কল্যাণে। ডান প্রান্ত থেকে তার বাড়ানো বলে জাল কাঁপিয়েছেন ব্র্যাথওয়েট।
তৃতীয় গোলের পর বার্সার হয়ে মেসির গোল সংখ্যা দাঁড়িয়েছে ৬৪৪টি। অবশ্য ইনজুরি টাইমে আরেকটি গোলের সুযোগ হয়েছিল তার। কিন্তু তার নেওয়া শট গিয়ে লাগে পোস্টে।
অথচ এই রেকর্ডটাই এতদিন দখলে রেখেছিলেন পেলে। সান্তোসে ১৮ বছর খেলে করেছিলেন ৬৪৩ গোল। যার বিস্তৃতি ছিল ১৯৫৬ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত। সেখানে মেসি বার্সার হয়ে প্রথম গোলটি পেয়েছেন ২০০৫ সালে। এর পর একের পর এক রেকর্ড আর শিরোপা সঙ্গী হয়েছে তার। বার্সায় ১৬ বছরের ক্যারিয়ারের ১০টি লা লিগার সঙ্গে জিতেছেন ৪টি চ্যাম্পিয়নস লিগ।
পেলের কাছে যাওয়ার চেষ্টা করেছিলেন জার্মান গ্রেট জার্ড মুলারও। কিন্তু বায়ার্ন মিউনিখের হয়ে ১৯৬৪ সাল থেকে ১৯৭৯ সাল পর্যন্ত খেলে তিনি করতে পেরেছেন ৫৬৫ গোল। তার পরেই রয়েছেন ফার্নান্দো পেইরোতেও (৫৪৪) ও বিকান (৫৩৪)।
এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডটা এখন মেসির হলেও বার্সার হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডটা তিনি ভেঙেছিলেন ২০১২ সালেই। সেজার রদ্রিগেজের ২৩২ গোলের রেকর্ডকে তখনই পেছনে ফেলে দিয়েছিলেন। এর পর লা লিগায় তেলমো জারার সর্বোচ্চ গোলের (২৫১) রেকর্ডও পেছনে ফেলেছেন ২০১৪ সালে।