বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক:: মাসকোটের আল আমিরাত স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জাতীন্দ্র সিং এবং আকিব ইলিয়াসের ফিফটিতে বিশ্বকাপের নবাগত দল পাপুয়া নিউগিনিকে ১০ উইকেটে হারাল ওমান। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১২৯ রান সংগ্রহ করে পাপুয়া নিউগিনি। রান তাড়া করতে নেমে ৩৮ বল এবং ১০ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা।
ম্যাচের শুরুতে টস হেরে প্রথেমে ব্যাট করতে নেমে বিশ্বকাপের যাত্রার শুরুটা ভালো করতে পারেননি পিএনজির দুই ওপেনার। আউট হওয়ার আগে ব্যাট হাতে কোনো রানই তুলতে পারেননি দুই ওপেনারের কেউই। তবে তৃতীয় উইকেট জুটিতে চার্লস আমিনিকে সঙ্গে নিয়ে ৭৯ রানের জুটি গড়ে চাপ সামনে নেন দলীয় অধিনায়ক আসাদ ভালা।
২৬ বলে ৩৭ রান তুলে রান আউট হন আমিনি। অন্যদিকে আপন তালে ব্যাট করতে থাকা আসাদ ভালার সংগ্রহ ৪৩ বলে ৫৬ রান। এরপর ব্যাট হাতে ১৩ রান তুলতে পেরেছেন সেসে বাও।
১০২ রানে প্রথম ৪ উইকেট হারানোর পরও মনে হচ্ছিল মাঝারি স্কোর সংগ্রহ করতে সক্ষম হবে নবাগত এই দলটি। কিন্তু ওমানের স্পিনার জিসান মাকসুদের ঘূর্ণিতে নাস্তানাবুদ নিউগিনের ব্যাটসম্যানরা। শেষের ছয় ব্যাটসম্যানের মধ্যে কেউই দশের ঘর স্পর্শ করতে পারেননি। তাদের মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ ৬ রান।
এদিকে ওমানের পক্ষে মাত্র ২০ রানের খরচায় সর্বোচ্চ চারটি উইকেট নিয়েছেন জিসান মাকসুদ। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন বিলাল খান এবং কলিমুল্লাহ।
১৩০ রানের জবাবে ব্যাট করতে নেমে কোনো বেগ পেতে হয়নি স্বাগতিক ওমানকে। ওপেনিং জুটিতেই ১৩১ রান তুলে দলকে জয় উপহার দেন দুই ওপেনার আকিব ইলিয়াস এবং জাতীন্দ্র সিং। তারা দুজনই অর্ধশতকের দেখা পেয়েছেন।
ব্যাট হাতে সাত চার এবং তিন ছয়ে ৪২ বলে ৭৩ রান তুলেছেন জাতীন্দ্র সিং। অন্যদিকে পাঁচ চার এবং এক ছয়ে ৫০ রান করেছেন আরেক ওপেনার আকিব ইলিয়াস।