শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
স্পোর্টস ডেস্ক::
কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী হামলায় ৪৪ ভারতীয় সেনা নিহত হওয়ার ঘটনার জেরে নতুন সংঘাত দেখা দিয়েছে দুই দেশের ক্রিকেট সম্পর্কে। ভারতের মধ্যে দাবি উঠেছে পাকিস্তানের সঙ্গে সব ধরনের ক্রিকেট সম্পর্ক ত্যাগ করার। এরই মধ্যে দেশটির বেশ কয়েকটি ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে পাকিস্তানের ক্রিকেটারদের ছবি নামিয়ে ফেলা হয়েছে।
দাবি উঠেছে বিশ্বকাপে পাকিস্তানকে বয়কটেরও। ইংল্যান্ড বিশ্বকাপে মুখোমুখি হবে বৈরী দুই দেশ। কিন্তু ১৬ জুনেরই ওই ম্যাচে পাকিস্তানের বিপক্ষে না খেলার জন্য দাবি উঠেছে। সেই সঙ্গে ভারতের অনেক সাবেক ক্রিকেটারই মত দিয়েছেন বিশ্বকাপ থেকে পাকিস্তানকে বাদ দেয়ার।
এর জন্য ভারতীয় বোর্ডকে উদ্যোগ নেয়ারও আহ্বান জানান তারা। ভারতীয় গণমাধ্যমে খবর রটেছে, ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানকে বাদ দেয়ার জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে অনুরোধ করতে পারে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।
তবে সংবাদ সংস্থা পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে বিসিসিআই’র এক কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তানকে বিশ্বকাপ থেকে বাদ দেয়ার জন্য আইসিসির কাছে কোনো চিঠি দেয়নি তারা। ওই কর্মকর্তা আরও জানান, ভারত যদি ওই ধরনের কোনো চিঠি দেয়ও তাতেও পাকিস্তানকে বিশ্বকাপ থেকে বাদ দেয়া যাবে না। কারণ আইসিসির সংবিধানে এ ধরনের কোনো সুযোগ নেই।