শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন

নেইমারের জোড়া গোলে পিএসজির দারুণ জয়

স্পোর্টস ডেস্ক::

টিকে থাকতে জয়ের কোনো বিকল্প ছিল না। ওল্ডট্রাফোর্ডে সেই কাজটি শেষ অবধি করতে পেরেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে এইচ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে নেইমারের জোড়া গোলে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-১ ব্যবধানে হারিয়েছে পিএসজি। এই জয়ে নক আউট পর্বে যাওয়ার সম্ভাবনা জোড়ালো হলো ফরাসি দলটির।

প্রথম লেগে ঘরের মাঠে এই ম্যানইউর কাছে ২-১ গোলে হেরেছিল পিএসজি। এবার ম্যানইউর মাঠে সেই হারের শোধ তুলল নেইমাররা।

ম্যাচের ছয় মিনিটেই এগিয়ে যায় পিএসজি। এমবাপের পাসে দুরূহ কোণ থেকে জোরালো শটে গোলটি করেন নেইমার। ৩২ মিনিটে সৌভাগ্যসূচক গোলে সমতায় ফেরে ম্যানইউ। মার্সিয়ালের শট পিএসজি গোলরক্ষক ঝাঁপিয়ে ঠেকানোর পর এক সতীর্থের পা ঘুরে ডি-বক্সের মুখ থেকে জোরালো শট নেন র‌্যাশফোর্ড। বল ডিফেন্ডার দানিলোর পায়ে লেগে কিছুটা দিক পাল্টে পোস্ট ঘেঁষে জালে জড়ায় (১-১)।

দ্বিতীয়ার্ধের ৬৯ মিনিটে লিড নেয় পিএসজি। আবদু দিয়ালোর পাস ছোট ডি-বক্সের মুখে নিয়ন্ত্রণে নিয়ে টোকা দিয়ে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি মারকুইনহোস। পরের মিনিটেই রেফারির বিতর্কিত সিদ্ধান্তে ১০ জনের দলে নেমে আসে ম্যানইউ। আন্দের এররেরাকে ফাউল করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখেন ফ্রেড, যদিও স্লাইড ট্যাকলে বলে পা লাগিয়েছিলেন তিনি।

একজন কম নিয়ে বাকি সময়ে আর তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি উলে গুনার সুলশারের দল। নির্ধারিত সময়ের শেষ পাঁচ মিনিটে চাপ বাড়ায় পিএসজি। অতিরিক্ত সময়ে নিজের দ্বিতীয় গোল পান নেইমার। রাফিনিয়ার কাটব্যাক ডি-বক্সে ফাঁকায় পেয়ে অনায়াসে প্লেসিং শটে স্কোরলাইন ৩-১ করেন তিনি।

এইচ গ্রুপের অন্য ম্যাচে সাত গোলের রোমাঞ্চকর লড়াইয়ে ইস্তানবুল বাসাকসেহিরকে ৪-৩ গোলে হারিয়েছে লাইপজিগ। সব মিলিয়ে এই গ্রুপটি এখন উত্তেজনা ছড়াচ্ছে পুরোদমে। নক আউট পর্বে যাওয়ার লড়াইয়ে ম্যানইউ, পিএসজি ও লাইপজিগ। পাঁচ ম্যাচে তিন দলের পয়েন্টই সমান ৯। গোল ব্যবধানে শীর্ষে পিএসজি, দ্বিতীয় ম্যানইউ, তৃতীয় লাইপজিগ।

কোন দুটি দল নিশ্চিত করবে নক আউট পর্ব?

গ্রুপের শেষ ম্যাচে হবে সবকিছুর ফয়সালা। শেষ রাউন্ডে আগামী সপ্তাহে পিএসজির প্রতিপক্ষ লড়াই থেকে ছিটকে যাওয়া ইস্তাম্বুল বাসাকসেহি। ম্যানইউর প্রতিপক্ষ তুলনামুলক শক্ত, লাইপজিগ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com