শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন

দ্বিতীয় দিনের খেলাও বৃষ্টির কারনে পরিত্যক্ত

Ground staff prepare the grounds during a rain delay on day two of the second Test cricket match between New Zealand and Bangladesh at the Basin Reserve in Wellington on March 9, 2019. (Photo by Marty MELVILLE / AFP) (Photo credit should read MARTY MELVILLE/AFP/Getty Images)

স্পোর্টস ডেস্ক::

নিউজিল্যান্ডের ওয়েলিংটনে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনও বৃষ্টিতে ভেসে গেছে। গতকাল শুক্রবার মাঠে গড়ানোর কথা থাকলেও প্রথম দিনের খেলাও পরিত্যক্ত হয় বৃষ্টির কারণে। শনিবার দ্বিতীয় দিনেও মাঠে গড়ায়নি একটি বল।

বেসিন রিজার্ভে দ্বিতীয় দিনের খেলা শুরু হওয়ার কথা ছিল নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে। কিন্তু বৃষ্টির কারণে মাঠের বেশির ভাগ জায়গাতে পানি জমে যাওয়ায় দ্বিতীয় দিনের খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়। শেষ পর্যন্ত দ্বিতীয় দিনের খেলাও পরিত্যক্ত ঘোষণা করা হয়।

মূলত টেস্ট ক্রিকেট পাঁচ দিনের হলেও, বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার চলতি সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি হতে চলেছে ‘তিন দিনের’। কারণ বৃষ্টির কারণে ভেসে গেছে ম্যাচের প্রথম দুই দিনই। সম্ভব হয়নি টস করাও।

ওয়েলিংটনের আবহাওয়ার পূর্ভাবাসে বলাই ছিলো শুক্রবার ও শনিবার হবে টানা বৃষ্টি। ধরেই নেয়া হয়েছিল হয়তো প্রথম দুই দিন একটি বলও মাঠে গড়াবে না বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টের।

এমনকি প্রকৃতির অবস্থা দেখে দ্বিতীয় দিন তথা শনিবার দুই দল টিম হোটেল থেকে মাঠেও এসেছে প্রায় ঘণ্টাদেড়েক পরে। যেখানে দ্বিতীয় দিনের খেলা শুরুর কথা ছিলো নির্ধারিত সময়ের ত্রিশ মিনিট আগে। তবু মুষলধারে বৃষ্টির কারণে একদমই আশা ছিল না দ্বিতীয় দিনে খেলা হওয়ার।

তবে শনিবার সকাল পেরিয়ে দুপুর গড়াতেই বেসিন রিজার্ভে মেলে আশার আলো, থেমে যায় মুষলধারে চলতে থাকা বৃষ্টি। এমনকি আকাশে জমে থাকা মেঘও সরে যেতে শুরু করে ওয়েলিংটনের আকাশ থেকে। যে কারণে ম্যাচের আম্পায়াররা মনে করছিলেন হয়তো অন্তত এক সেশনের জন্য হলেও খেলা যাবে দ্বিতীয় দিনে।

কিন্তু পরে আবারে বৃষ্টি শুরু হওয়ায় শেষ পর্যন্ত টস ছাড়াই দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচের দুই আম্পায়ার পল রেইফেল ও রুচিরা পাল্লিইয়াগুরুগে। হ্যামিল্টনে সিরিজের প্রথম টেস্ট ইনিংস ও ৫২ রানের ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। ফলে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে স্বাগতিক নিউজিল্যান্ড।

দ্বিতীয় টেস্টে মুশফিকুর রহীম খেলতে পারবেন কিনা তা নিশ্চিত নয়। তবে দুই দিন হাতে পাওয়ায় তার খেলার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে মোস্তাফিজুর রহমান নামবেন বলেই ধারণা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com