শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

দেশের মাটিতে ক্রিকেট ফেরানোর ঘোষণা দিলেন পাপন

স্পোর্টস ডেস্ক::

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকায় জাতীয় দল ও হাই পারফরম্যান্স (এইচপি) দলকে শ্রীলঙ্কায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু শ্রীলঙ্কা সফর নিয়ে তৈরি হয়েছে জটিলতা। সফর হবে কি না তা এখনও নিশ্চিত নয়। ক্রিকেটাররা স্বাস্থ্যবিধি মেনে মাঠে অনুশীলন করছেন। বিদেশি কোচিং স্টাফরা প্রায় সবাই এখন বাংলাদেশে। এরই মধ্যে ছেলেদের নিয়ে কাজ শুরু করেছেন।

এজন্য শিগগিরই দেশের মাটিতে প্রতিযোগিতামূলক ক্রিকেটের ব্যবস্থা করার ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে আন্তর্জাতিক সিরিজ হবে নাকি ঘরোয়া ক্রিকেট শুরু করবেন তা পরিস্কার করেননি বিসিবি সভাপতি।

সোমবার মিরপুরে নাজমুল হাসান বলেন, ‘আমরা ক্রিকেট ফিরিয়ে আনবো এতোটুকু আমরা জানি। কিভাবে তা জানি না। বাইরের কারো সাথে হবে কি না জানি না। আমরা নিজেদের ক্রিকেট শুরু করে দিবো, হয়তো ঘরোয়া ক্রিকেটও। ’

তবে সিদ্ধান্তটা হুটহাট নিয়েছেন তা বোঝা গেল আরেক প্রশ্নের জবাবে। বিসিবি সভাপতি বলেন, ‘কি করবো সেটা এখন বলছি না। কিছু তো একটা করবোই। ক্রিকেট মাঠে ফেরাবো। এখন কোচিং স্টাফরা আছে। ছেলেরা এতোদিন খেলার বাইরে, ওদেরকে আবার খেলার মাঠে নিয়ে আসবো। ’

ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হয়েছিল মার্চে। করোনার কারণে প্রথম রাউন্ডের পরই লিগ অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়েছে। ঢাকা লিগ দিয়ে ঘরোয়া ক্রিকেট শুরু হতে পারে কি না এমন প্রশ্নের উত্তরেও বিসিবি সভাপতি ছিলেন এলোমেলো।

‘একেবারে ওই রকম কিছু করতে পারব কি না জানি না। আমরা তো সব ক্লাবগুলোকে ম্যানেজ করতে পারব না। যেটুকু আমরা ম্যানেজ করতে পারব ততজনকে নিয়েই করবো। এটা আপনার ৪০ বা ৬০ খেলোয়াড় হতে পারে। করোনাকালীন সময়ে ওদের নিরাপত্তা বলয় নিশ্চিত করতে হবে। আমরা যতটুকু নিয়ন্ত্রণ করতে পারব ততটুকু খেলা চালাব। তবে মাঠে খেলা গড়াবেই।’ – বলেন নাজমুল হাসান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com