শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন

দুবাইয়ে অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাই পাকিস্তান

DUBAI, UNITED ARAB EMIRATES - MARCH 31: Haris Sohail of Pakistan bats during the 5th One Day International match between Pakistan and Australia at Dubai International Stadium on March 31, 2019 in Dubai, United Arab Emirates. (Photo by Francois Nel/Getty Images)

স্পোর্টস ডেস্ক::

হারিস সোহেলের লড়াকু সেঞ্চুরি সত্ত্বেও হোয়াইটওয়াশ এড়াতে পারল না পাকিস্তান। রোববার সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ২০ রানে হেরেছে তারা। ফলে ৫-০তে সিরিজটি জিতে নিয়েছে অ্যারন ফিঞ্চের দল।

এদিন প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩২৭ রান করে অস্ট্রেলিয়া। জবাবে ৫০ ওভারই ব্যাট করে পাকিস্তান, হারিয়েছে ৭ উইকেটই। তবে রান করতে পারে ৩০৭ পর্যন্ত।

এদিন টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক ইমাদ ওয়াসিম। আগের ৪ ম্যাচের ব্যর্থতায় অধিনায়কত্বের আর্মব্যান্ড হারান শোয়েব মালিক। তার বদলে পঞ্চম ম্যাচে পাকিস্তানের দায়িত্ব পড়ে ৩০ বছর বয়সী এই অল রাউন্ডারের কাঁধে। তবে তার নেতৃত্বও ফলাফলে কোন পরিবর্তন আনতে পারেনি। ২০০৮ সালের পর চতুর্থবারের মতো অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হল পাকিস্তান। এদিকে দেশের বাইরে তৃতীয়বারের মতো কোন দলকে হোয়াইটওয়াশের স্বাদ দিল অজিরা।

এদিন অস্ট্রেলিয়ার টপ অর্ডারের প্রথম চার ব্যাটসম্যানই পঞ্চাশোর্ধ রান করেন। দলের হয়ে সর্বোচ্চ রান আসে পাকিস্তানেরই বংশোদ্ভূত উসমান খাজার ব্যাট থেকে। ১১১ বলে ৯৮ রান করেন এই ওপেনার। মেরেছেন ১০ চার। দ্বিতীয় সর্বোচ্চ রান করেন গ্লেন ম্যাক্সওয়েল। তিনি ৩৩ বলে ৭০ রানের এক টর্নেডো বইয়ে দেন দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ১০টি চারের সাথে তিনি মেরেছেন ৩টি ছক্কাও। এছাড়া অধিনায়ক ফিঞ্চ ৫৩ ও শন মার্শ ৬১ রান করেন।

জবাবে ব্যাট করতে নেমে নিজেদের ইনিংসের তৃতীয় বলেই ওপেনার আবিদ আলীকে (০) হারায় পাকিস্তান। এরপর তিন নম্বরে নেমে অন্য ওপেনার শান মাসুদকে নিয়ে ১০৮ রানের জুটি গড়েন সোহেল। ব্যক্তিগত ৫০ রানে আউট হন মাসুদ।

এরপর উমর আকমলকে নিয়ে শত রানের আরেকটি জুড়ি গড়েন সোহেল। এই দুইজনের জুটিতে ১০২ রান আসার পর ব্যক্তিগত ৪৩ রানে আউট হয়ে যান আকমল। তার কিছুক্ষণ পর সাজঘরে ফেরেন সোহেলও। তার আগে ১২৯ বলে ১৩০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন তিনি।

এদিকে অধিনায়ক ইমাদ ওয়াসিম শেষ পর্যন্ত লড়ে গেলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। ফলে ৩৪ বলে তার অপরাজিত ৫০* রানের ইনিংসটি ব্যর্থই হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com