শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন

তিনদিনের সফরে ঢাকায় আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর

স্পোর্টস ডেস্ক::

তিনদিনের সফরে ঢাকা এসে পৌঁছেছেন আইসিসির বর্তমান চেয়ারম্যান ও সাবেক ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি শশাঙ্ক মনোহর। আগামী শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ফাইনাল অনুষ্ঠিত হবে।

শশাঙ্ক মনোহর ওই ম্যাচ মাঠে বসে দেখবেন বলে আগেই জানানো হয়েছিল। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের অনুরোধে তিনি বাংলাদেশ সফরে এসেছেন। তিন দিনের সফরে শশাঙ্ক মনোহর এখন ঢাকায় অবস্থান করছেন।

আইসিসির চেয়ারম্যান শশাঙ্কের সফর বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক বড় পাওয়া। আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায় হোটেল সোনারগাঁওয়ে তাকে সংবর্ধণা দেয়া হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে।

ভারতের খ্যাতিমান এই আইনজীবী দুই মেয়াদে ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি ছিলেন। ২০০৮ সাল থেকে ২০১১ পর্যন্ত প্রথম মেয়াদে, এরপর জগমোহন ডালমিয়ার মৃত্যুর পর ২০১৫ সালের অক্টোবর থেকে পরের বছরের মে পর্যন্ত দ্বিতীয় মেয়াদে। দ্বিতীয় মেয়াদের সময় ভারতীয় বোর্ডের মনোনয়নে ছিলেন আইসিসির চেয়ারম্যানও। এর পর ২০১৬ সালের মে মাসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আইসিসির প্রথম স্বাধীন চেয়ারম্যান।

গত বছরের ১৫ মে আইসিসির চেয়ারম্যান পদের জন্য আর কোনো মনোনয়ন প্রত্যাশী না থাকায় দ্বিতীয়বারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। দ্বিতীয় মেয়াদে থাকবেন ২০২০ সালের জুন পর্যন্ত।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com