মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

ট্রেনে হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার করল উলিপুর থানা পুলিশ

কুড়িগ্রাম প্রতিনিধি।।
রেল স্টেশনে ঘুরতে গিয়ে ট্রেনে উঠে হারিয়ে যাওয়া জামিরুল ইসলাম ফাহিম(৮) নামের এক শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে উলিপুর থানা পুলিশ। শিশুটি ফতুল্লা থানার উত্তর চাষাড়া এলাকার সোহেল রানার পুত্র।

জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থেকে কমলাপুর হয়ে ট্রেনযোগে গত ১৪ এপ্রিল বিকেলে উলিপুর রেল স্টেশনে আসে শিশু জামিরুল ইসলাম। খবর পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

পুলিশ জানায়, শিশুটি তার নাম ও বাবা মায়ের নাম বলতে পারলেও ঠিকানা বলতে না পারায় তাকে প্রকৃত অভিভাবকের নিকট প্রদান করা সম্ভব হচ্ছিল না। শিশুটিকে নিয়ে উলিপুর থানার নারী ও শিশু হেল্প ডেক্সে উপজেলা সমাজসেবা কার্যালয়ের প্রতিনিধি আশীষ কুমার দাস শিশুটিকে নিবিড়ভাবে শিশু বান্ধব পরিবেশে দীর্ঘ সময় ধরে আলোচনা করে নারায়ণগঞ্জ জেলার প্রত্যেক থানায় যোগাযোগের মাধ্যমে শিশুটির প্রকৃত অভিভাবকের সাথে যোগাযোগ করা হয়।

সোমবার(১৫ এপ্রিল) দুপুরে শিশুটির বাবা-মা থানায় উপস্থিত হলে তাদের কাছে শিশুটিকে হস্তান্তর করা হয়। গত ৩ এপ্রিল ঘুরতে গিয়ে নিখোঁজ হয়েছিল শিশু জামিরুল। সন্তানকে খুঁজে পেতে ৭ এপ্রিল ফতুলা থানায় একটি সাধারণ ডায়েরী করেন বাবা সোহেল রানা।

উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তাস্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com