শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

ট্রফি উন্মোচন ॥ ফেডারেশন কাপ ফুটবল শুরু ২২ ডিসেম্বর

 

স্পোর্টস রিপোর্টার ॥ ঘরের মাঠে ফেডারেশন কাপের খেলা ২২ ডিসেম্বর মঙ্গলবার থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হবে। বিকেল ৫.৩০মিনিটে উদ্বোধনী দিনে মুখোমুখি হবে বসুন্ধরা কিংস ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় দেশের শীর্ষ স্থানীয় ১৩টি ক্লাব যথাক্রমে: বসুন্ধরা কিংস, আবাহনী লিমিটেড, শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড, সাইফ স্পোর্টিং ক্লাব লিঃ, আরামবাগ ক্রীড়া সংঘ, লেঃ শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, চট্টগ্রাম আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, রহমতগঞ্জ এমএফএস, ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড, বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব এবং উত্তর বারিধারা ক্লাব ফুটবল দল অংশগ্রহণ করবে। আর তিনটি দল শিরোপা জয়ের আশা ব্যক্ত করেছে।

প্রতিযোগিতার ট্রফি উন্মোচন উপলক্ষে সোমবার ২১ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টায় মতিঝিলের বাফুফে ভবনের তৃতীয় তলায় কনফারেন্স রুমে অংশগ্রহণকারী ফুটবল দলের প্রধান প্রশিক্ষক, টিম ম্যানেজার ও অধিনায়কের উপস্থিতিতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উক্ত ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি, আব্দুস সালাম মুর্শেদী-এমপি, বাফুফে সদস্য জাকির হোসেন চৌধুরী, সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ, বাফুফে সাধারণ সম্পাদক মোঃ আবু নাইম সোহাগ এবং স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের পক্ষে এক্সিকিউটিভ ডাইরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ার ডন ও প্রিমিয়ার ব্যাংক লিঃ এর পক্ষে জুনিয়র অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট মাহফুজুল ইসলাম। যার পৃষ্ঠপোষক ওয়ালটন গ্রুপ।

তিনটি দল শিরোপা জয়ের প্রত্যাশা ব্যক্ত করেছে। দলগুলো হলো বসুন্ধরা কিংস, ঢাকা আবাহনী লিমিটেড এবং শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।
ঢাকা আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লেমোস বলেন, ‘আমাদের প্রস্তুতি ভাল। দলের সবাই ফিট। আমরা শিরোপা জিততে চাই। গত আসরে আমরা ফাইনালে উঠতে না পারলেও এখনও এই আসরে সর্বাধিক ১১ বারের চ্যাম্পিয়ন। এবার চ্যাম্পিয়ন হয়ে সেটাকে ১২তে উন্নীত করতে চাই।’

এছাড়াও অংশগ্রহণকারী ক্লাবসমূহের পক্ষে উপস্থিত ছিলেন – বসুন্ধরা কিংস, ঢাকার প্রধান প্রশিক্ষক অস্কার উইলিয়াম ব্রুজোন ব্যারিরাস, টেকনিক্যাল ডাইরেক্টর বি এ জোবায়ের নিপু ও খেলোয়াড় তপু বর্মণ। আবাহনী লিমিটেড, ঢাকার টিম ম্যানেজার সত্যজিৎ দাশ রূপু, প্রধান প্রশিক্ষক ম্যারিও লিচিনিও গুইরিরো লিমোস, খেলোয়াড় নাবিব নেওয়াজ জীবন। সাইফ স্পোর্টিং ক্লাব লিঃ, ঢাকার প্রধান প্রশিক্ষক পল জোসেফ এফ পুট, আরামবাগ ক্রীড়া সংঘ, ঢাকার প্রধান প্রশিক্ষক সুব্রত ভট্টাচারী। লেঃ শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড, ঢাকার প্রধান প্রশিক্ষক শফিকুল ইসলাম মানিক। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, ঢাকার প্রধান প্রশিক্ষক জুসুক কাতো, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, ঢাকার প্রধান প্রশিক্ষক সিন ব্রেনডান লেন ও টিম ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকিব। রহমতগঞ্জ এম এফ এস, ঢাকার প্রধান প্রশিক্ষক সৈয়দ গোলাম জিলানী। ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড, ঢাকার সহকারী টিম ম্যানেজার হাসেম মোল্লা। বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের সহকারী টিম ম্যানেজার আবু তাহের এবং উত্তর বারিধারা ক্লাব, ঢাকার প্রধান প্রশিক্ষক শেখ জাহিদুর রহমান।

শেখ জামালের কোচ শফিকুল ইসলাম মানিক বলেন, ‘শেখ জামালের আগের দলই এবারও খেলবে। প্রস্তুতি নিতে ৪ সপ্তাহ সময় পেয়েছি। চ্যাম্পিয়ন হওয়ার জন্যই আমরা খেলব।
মোহামেডানের ব্রিটিশ কোচ শন লেন বলেন, ‘নাইজিরিয়া থেকে সোমবার নতুন খেলোয়াড় এসেছে। স্থানীয় খেলোয়াড় আটজন। আমাদের দলটি তরুণ। যদিও আমরা কঠিন গ্রুপে, তারপরও লড়াই করব।’
মুক্তিযোদ্ধা সংসদের জাপানী অধিনায়ক জুসুক কাতো বলেন, ‘আমাদের দলের একটু আর্থিক সমস্যা। এক জাপানী প্রতিষ্ঠান আমাদের ১০ হাজার ডলার দিয়ে সাহায্য করছে। কোচ এখনও দলের সঙ্গে যোগ দেননি। ভাল ফল করার জন্য আমরা আপ্রান চেষ্টা করব।’

বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের শ্রীলঙ্কান কোচ পাকির আলী বলেন, ‘আমরা ভাল খেলার চেষ্টা করব। বড় দলগুলোর সঙ্গে ভালো খেলার চ্ষ্টো করব।’
সাইফ স্পোর্টিং ক্লাবের বেলজিয়ান কোচ পল পুট বলেন, আমাদের প্রস্তুতি ৪ থেকে ৫ সপ্তাহের। আমরা ভাল ফল করার চেষ্টা করব।’

বিভিন্ন কারণে বেশ কয়েকটি ক্লাবের এই টুর্নামেন্ট খেলা অনিশ্চিত হয়ে পড়েছিল। শেষ পর্যন্ত মুক্তিযোদ্ধা ও ব্রাদার্স ইউনিয়নসহ ১৩ ক্লাবই অংশ নিচ্ছে। গ্রুপ ‘এ’তে শেখ রাসেল, শেখ জামাল ও বাংলাদেশ পুলিশ এফসি। গ্রুপ ‘বি’তে সাইফ স্পোর্টিং, আরামবাগ ক্রীড়া সংঘ, ব্রাদার্স ইউনিয়ন ও উত্তর বারিধারা ক্লাব। ‘সি’ গ্রুপে আছে বসুন্ধরা কিংস, রহমতগঞ্জ ও চট্টগ্রাম আবাহনী। ‘ডি’ গ্রুপে ঢাকা আবাহনী, মোহামেডান স্পোর্টিং ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com