শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

টেস্ট র‌্যাংকিংয়ে তামিম-মাহমুদউল্লাহ-সৌম্যর উন্নতি

স্পোর্টস ডেস্ক::

হ্যামিল্টন টেস্টে ব্যক্তিগত পারফর্মেন্সের কারণে র‌্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ এবং সৌম্য সরকার। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসেও ফিফটি করেছেন তামিম ইকবাল। দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেছেন সৌম্য সরকার ও মাহমুদউল্লাহ রিয়াদ। এর ফলে কিউইদের কাছে ইনিংস এবং ৫২ রানের ব্যবধানে হারতে হলেও তাদের র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে চোখে পড়ার মতো।

প্রথম ইনিংসে দলের সবার ব্যর্থতার মাঝে ১২৬ রানের ইনিংস খেলেছিলেন তামিম। এরপর দ্বিতীয় ইনিংসে তিনি খেলেন ৭৪ রানের ইনিংস। এতেই দেশসেরা ওপেনার ১১ ধাপ এগিয়ে উঠে এসেছেন র‌্যাংকিংয়ের ২৫ নম্বরে। দ্বিতীয় ইনিংসে ক্যারিয়ার সেরা ১৪৬ রানের ইনিংস খেলে মাহমুদউল্লাহ ১২ ধাপ এগিয়ে উঠে এসেছেন ক্যারিয়ারসেরা ৪০তম অবস্থানে।

একই ইনিংসে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নেন ড্যাশিং ওপেনার সৌম্য সরকার। ১৪৯ রানের ইনিংস খেলে বিধ্বংসী এই ওপেনার এখন ৬৭ নম্বরে। চোটের কারণে খেলতে না পারা নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের অবস্থান ২৮। এছাড়া আরেক চোটাক্রান্ত তারকা মুশফিক ৩২ নম্বর এবং মুমিনুল আছেন ৩৫ নম্বরে। বোলারদের র‌্যাংকিংয়েও এগিয়েছেন মাহমুদউল্লাহ। তিন ধাপ এগিয়ে তার অবস্থান এখন ৬৩ নম্বরে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com