শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

জোয়ান গ্যাম্পার ট্রফি জিতে বার্সার নতুন মিশন শুরু

স্পোর্টস ডেস্ক::

জোয়ান গ্যাম্পার ট্রফি জিতে নতুন মৌসুম শুরু হলো বার্সেলোনার। নিজেদের মাঠে ২০২০-২১ মৌসুমের শুরুতেই ১-০ গোলে প্রতিপক্ষ এলচেকে হারিয়ে শিরোপা জিতল বার্সেলোনা।

সাধারণত নতুন মৌসুমের শুরুতেই প্রাক প্রস্তুতি হিসেবে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে ফাইনালের আদলে আমন্ত্রিত দলের বিপক্ষে একটি ম্যাচ খেলে বার্সা।

ম্যাচের প্রথমার্ধে গোল করে বার্সাকে এগিয়ে নেন অ্যান্তোনিও গ্রিজম্যান। পরে আর কোনো গোল না হওয়ায় ফরাসি এ তারকা স্ট্রাইকারের গোলের সুবাদেই জয় নিয়ে মাঠ ছাড়ে লিওনেল মেসিরা।

নতুন কোচ রোনাল্ড কোম্যানের অধীনে প্রাক-মৌসুম প্রস্তুতি পর্বে টানা তিনটি ওয়ার্ম-আপ ম্যাচই জিতে নিল বার্সা। এর আগে তারা জেতে জিমনাস্টিক দি তারাঙ্গোনা ও স্থানীয় ক্লাব গিরোনার বিপক্ষে।

ফলে আগামী সপ্তাহে লা লিগায় নিজেদের উদ্বোধনী ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে মাঠে নামার আগে প্রস্তুতিটা বেশ ভালোভাবেই সেরে নিল বার্সা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com