শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

জেসুসের হ্যাটট্রিকে রেকর্ড জয় ম্যানসিটির

স্পোর্টস ডেস্ক::

ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত আলো ছড়ালেন গ্যাব্রিয়েল জেসুস। করলেন দুর্দান্ত হ্যাটট্রিক। গোল পেলেন দাভিদ সিলভা, রাহিম স্টার্লিং ও রিয়াদ মাহরেজ। তাতে শাখতার দোনেৎস্ককে ৬-০ গোলে উড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি। নিজেদের ইতিহাসে চ্যাম্পিয়নস লিগে এটিই সিটিজেনদের সবচেয়ে বড় জয়।

গেল মাসে প্রথম লেগে শাখতার দোনেৎস্কের মাঠে ৩-০ গোলে জেতে ম্যানসিটি। সেই আত্মবিশ্বাস নিয়ে বুধবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে খেলতে নামে দলটি। শুরু থেকেই ছন্দময় ফুটবল উপহার দেন ইংলিশ চ্যাম্পিয়নরা। ১৩ মিনিটে আলতো টোকায় বল ঠিকানায় পাঠান সিলভা।

এগিয়ে গিয়ে আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠেন তারা। ফলে ব্যবধান বাড়তেও সময় লাগেনি। ২৪ মিনিটে সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন জেসুস। স্টার্লিং ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় সিটি। এর পর একাধিক সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি দ্য স্কাই ব্লুরা। ফলে ২-০ ব্যবধান নিয়েই বিরতিতে যেতে হয় তাদের।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আরও ক্ষুরধার ম্যানসিটি। শুরুতে গোল পেয়ে যান স্বাগতিকরা। ৪৮ মিনিটে স্টার্লিং নিশানাভেদ করলে পুরোপুরি ম্যাচের নিয়ন্ত্রণ চলে আসে তাদের করতলে। পরে শুধু ব্যবধানই বেড়েছে। ৭২ মিনিটে আরেকটি সফল স্পট কিকে ব্যবধান আরও বাড়িয়ে জয় নিশ্চিত করেন জেসুস। ডি-বক্সে সিলভা ফাউলের শিকার হলে এবারের পেনাল্টি পায় দলটি।

৮৪ মিনিটে কোনাকুনি শটে দলের পঞ্চম গোলটি করেন মাহরেজ। এতেই থেমে থাকেনি সিটি। গোলের নেশায় এদিন যেন মত্ত ছিল দলটি। ইনজুরি টাইমে সফল লক্ষ্যভেদে হ্যাটট্রিক পূরণ করেন জেসুস। চার ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে লিওঁ। একরকম বিদায় ঘটেছে শাখতারের।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com