শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
স্পোর্টস ডেস্ক:: সাকিব আল হাসান ও তামিম ইকবালকে ছাড়াই জিম্বাবুয়ের বিপক্ষে আজ মাঠে নামছে মাশরাফি বাহিনী। হোম অফ ক্রিকেট মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে টাইগাররা। শক্তির বিচারে পিছিয়ে থাকা জিম্বাবুয়েকে মোটেও হালকা ভাবে নিচ্ছেন না টিম বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।
এরই মধ্যে জিম্বাবুয়ে সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। প্রথম বারের মতো জায়গা পেয়েছেন ফজলে রাব্বি। সব মিলিয়ে একাদশে যে পরিবর্তন আসছে তা অনেকটাই নিশ্চিত।
আজকের ম্যাচে লিটন দাসের সঙ্গে ওপেন করতে দেখা যেতে পারে এশিয়া কাপে লোয়ার মিডেল অর্ডারে ব্যাট করা ব্যাটসম্যান ইমরুল কায়েসকে। তাছাড়া তিন নম্বরে যেহেতু সাকিব আল হাসান নেই, সেক্ষেত্রে মোহাম্মাদ মিথুনের উপরেই আস্থা রাখবে টিম ম্যানেজম্যান্ট। আর চার নম্বরেই থাকবেন মুশফিকুর রহিম।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: ১. লিটন দাস, ২. ইমরুল কায়েস, ৩. মোহাম্মদ মিথুন, ৪. মুশফিকুর রহীম, ৫. ফজলে রাব্বি, ৬. মাহমুদউল্লাহ রিয়াদ, ৭. মোহাম্মদ সাইফুদ্দিন/আরিফুল হক, ৮. মেহেদী হাসান মিরাজ, ৯. মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), ১০. মুস্তাফিজুর রহমান, ১১. রুবেল হোসেন।