শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
স্পোর্টস ডেস্ক::
২০২২ বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে কাতার। স্বাগতিক হওয়ার সুবাদে বিশ্বকাপেও অংশ নেবে দলটি। সুবর্ণ সেই সুযোগই কি এমন বিপ্লব ঘটালো কাতারের ফুটবলে? মিলিয়ে দিল রূপকথার সাফল্য? নয়তো কি! শিরোপা স্বাদ পাওয়া দূরের কথা, এর আগে এশিয়া কাপের ফাইনালেই কখনো উঠতে পারেনি কাতার। সেই কাতার প্রথমবারের মতো জিতে নিল এশিয়া কাপের শিরোপা। সেটিও ফাইনালে এশিয়ান ফুটবলের সবচেয়ে বড় শক্তি জাপানকে বিধ্বস্ত করে!
শুক্রবার রাতে আবুধাবির ফাইনালে জাপানকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছে কাতার!
কাতারের এই সাফল্য রূপকথার মতোই। আর নিজেদের ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় এই রূপকথার জন্ম দিয়েছেন আলমোয়েজ আলী, আব্দুলাজিজ হাতেম ও আকরাম আফিফ। ফাইনালে এই তিনজনের গোলেই বাজিমাত করেছে কাতার।
ফাইনালের নায়ক তিনজন। তবে পুরো টুর্নামেন্ট মিলে এই কাতারি রূপকথার মূল নায়ক আলমোয়েজ আলী। দেশকে প্রথম শিরোপা উপহার দিতে যিনি গড়েছেন অবিশ্বাস্য এক রেকর্ড। ফাইনালের গোলটিসহ টুর্নামেন্টে সর্বোচ্চ ১২ গোল করেছেন তিনি। এর আাগ কেউই এশিয়া কাপের এক আসরে এতো বেশি গোল করতে পারেনি।
শুধু আলমোয়েজ আলী নন। কাতারও গড়েছে গোলের দলীয় রেকর্ড। শিরোপা জয়ের পথে এবারের টুর্নামেন্টে মোট ১৯টি গোল করেছে তারা। বিপরীতে হজম করেছে মাত্র একটি। যা এক আসরে কোনো দলের সর্বোচ্চ গোলের রেকর্ড।
সেমি ফাইনালে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট স্বাগতিক আরব আমিরাতকে ৪-০ গোলে বিধ্বস্ত করে প্রথমবারের মতো ফাইনালে উঠে কাতার। সেমির ওই উড়ন্ত পারফরম্যান্সের পরও ফাইনালে কাতারের গায়ে ছিল আন্ডারডগ তকমা। ফুটবলবোদ্ধারা পরাশক্তি জাপানের হাতেই দেখতে পাচ্ছিল শিরোপা। কিন্তু কাল আবুধাবির জায়েদ স্পোর্টস সিটি স্টেডিয়ামে বোদ্ধাদের সব হিসাব-নিকাশ, ধারণা, অনুমান পাল্টে দিয়েছে কাতার।
ফাইনালে কাতার রূপকথার শুরুটা ১২ মিনিটে। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা আলমোয়েজ আলীর হাত ধরে। সবাইকে বিস্ময়ে ভাসিয়ে তিনিই কাতারকে প্রথম এগিয়ে দেন অবিশ্বাস্য এক গোল করে। এর ১৫ মিনিট পর আবারও কাতারকে উৎসবে ভাসান আব্দুলাজিজ হাতেম।
ফেলিক্স সানচেজের অসাধারণ এক গোলে জাপান ম্যাচ ফিরে ছিল বটে। কিন্তু ব্লু সামুরাইদের শেষ রক্ষাটা হয়নি। বরং শেষ দিকে পেনাল্টি থেকে গোল করে কাতার-রূপকথার গল্পের সমাপ্তি টানেন আকরাম আফিফ। পেনাল্টির সিদ্ধান্ত বাতিলের জন্য অবশ্য জাপানিরা আবেদন করেছিল কিন্তু তাদের সেই আবেদনে কাজ হয়নি। ভিএআর ব্যবহার করে (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি, সংক্ষেপে রিভিউ) রেফারি ইরনাতোভ পেনাল্টির সিদ্ধান্তই বহাল রাখেন।
শিরোপার পাশাপাশি টুর্নামেন্টের ব্যক্তিগত পুরস্কারগুলোও জিতে নিয়েছেন কাতারিরা। সর্বোচ্চ গোলদাতার পুরস্কার সোনার জুতো ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার সোনার বল- দুটোই জিতে নিয়েছেন আলমোয়েজ আলী। সেরা গোলরক্ষকের পুরস্কারটিও পেয়েছেন কাতারের গোলরক্ষক শাদ আল শীব। এশিয়া কাপের এই চমক কি নিজেদের ঘরের মাটির বিশ্বকাপেও দেখাতে পারবে কাতার?