শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

ছেলের বাবা হলেন ক্রিকেটার রুবেল

স্পোর্টস ডেস্ক::

অনুশীলন ক্যাম্পের ৩৫ জনের দলে ছিলেন রুবেল হোসেন। বাংলাদেশ দলের নতুন কোচদের সঙ্গে অনুশীলনও করেছেন তিনি। এরপর বিসিবির কাছ থেকে ছুটি নেন বাংলাদেশ জাতীয় দলের পেসার রুবেল হোসেন। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ছুটি চান ডানহাতি এই পেসার।

রোববার তিনি ভক্তদের দিলেন সুখবর। পুত্র সন্তানের বাবা হয়েছেন তিনি।

নিজের ফেসবুক পেজে রুবেল হোসেন তার বাবা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। দোয়া চেয়েছেন ভক্তদের কাছে। ফেসবুকে রুবেল লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে পুত্র সন্তানের বাবা হলাম। বাচ্চা এবং মা উভয়ই সুস্থ আছে। সবাই দোয়া করবেন।’

এর আগে ২০১৬ সালের মে মাসে ইসরাত জাহান দোলার সঙ্গে বিয়ের বিষয়টিও ফেসবুকে নিশ্চিত করেন রুবেল। বিয়ের কথা প্রথমে স্বীকার না করলেও রুবেল তার ফেসবুক পেজে পরে তা খোলাসা করেন। ফেসবুকে লেখেন, ‘কোনরকম প্রস্তুতি ছাড়াই জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নিয়েছি। আপনারা অনেকে শুনেছেন, আমি আর অবিবাহিত নই। আমার এবং আমার স্ত্রীর জন্য দোয়া করবেন।’

রুবেলের বিয়ের সময় খবর বের হয় তার স্ত্রীর বয়স কম হওয়ায় বিষয়টি কাউকে জানাতে চাননি তিনি এবং তার পরিবার। ২০১৬ সালে বিয়ের সময় রুবেলের স্ত্রী দোলা দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন বলে জানা যায়।

রুবেল হোসেন আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টের দলে নেই। তবে তার জিম্বাবুয়ে এবং আফগানিস্তানকে নিয়ে ঘরের মাঠে আয়োজিত টি-২০ সিরিজের দলে থাকার জোর সম্ভাবনা আছে। টি-২০ সিরিজের দল এখনও ঘোষণা করেনি বিসিবি নির্বাচকরা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com