শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
এস.এম.সাঈদুর রহমান,খুলনা ব্যুরো::
খুলনা বিভাগে গত বছর সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ৩৯২জন। এ সময় আহত হয় ১ হাজার ৫১জন। মঙ্গলবার বেলা ১২টায় খুলনা প্রেসক্লাবের শহীদ হুমায়ুন কবির বালু মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নিরাপদ সড়ক চাই- সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারকে সরকারিভাবে আথিক সহায়তার দাবিও জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৮ সালের জানুয়ারী থেকে মার্চ পর্যন্ত খুলনা বিভাগের ১০ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬৯, আহত ২৩৭, এপ্রিল থেকে জুন পর্যন্ত সময়ে নিহত ৯২, আহত ৪৩২, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত নিহত ১১১, আহত ১৭৪ এবং অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে নিহত হয়েছে ১২০জন ও আহত হয়েছেন ২০৮জন।
খুলনা বিভাগের মধ্যে খুলনা, যশোর, বাগেরহাট ও সাতক্ষীরা জেলায় সড়ক দুর্ঘটনার সংখ্যা বেশি- উল্লেখ করে সংবাদ সম্মেলনে বলা হয়, পথচারী, যানবাহনের মুখোমুখী সংঘর্ষ এবং খাদে পড়ে সড়ক দুর্ঘটনায় সর্বোচ্চ হতাহতের ঘটনা ঘটে।
সংবাদ সম্মেলনে সড়ক দুর্ঘটনারোধে পাশকৃত নতুন আইনের সঠিক ব্যবহার, দক্ষ চালক তৈরী করতে সরকারি উদ্যোগ এবং সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত তথা ক্ষতিগ্রস্থ পরিবারকে সরকারিভাবে আর্থিক সহয়তা দেওয়ার দাবী জানো হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, খুলনা ওয়াসা কর্তৃক দীর্ঘদিন ধরে খুলনা নগরীর সড়কগুলো খোড়া-খুড়ির ফলে সড়কগুলো ভোগান্তিতে পরিণত হয়েছে। এর ফলে প্রতিদিন কোন না কোন সড়কে দুর্ঘটনা ঘটছে। অবিলম্বে এ বিষয়ে সিটি মেয়রকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবী জানানো হয়। সেই সাথে নগরীর ফুটপাত দখলমুক্ত এবং ইজিবাইক নিয়ন্ত্রণ করায় মেয়রকে ধন্যবাদ জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিসচা’র জেলা উপদেষ্টা এ্যাড. মো: সাইফুল ইসলাম। এসময় বিআরটিএ খুলনা বিভাগীয় উপ-পরিচালক মো: জিয়াউর রহমান, নিসচা’র জেলা সভাপতি মো: হাছিবুর রহমান হাছিব, সাধারণ সম্পাদক এসএম ইকবাল হোসেন বিপ্লব, গোপালগঞ্জ জেলা কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব আবেদ আলী, নিসচা’র মো: সেলিম খান, মো: হায়দার আলী, এসএমএ রহিম, এম মোস্তফা কামাল, জিএম মহিউদ্দিন, কামরুল কাজল, আনোয়ারা পারভীন আক্তার পরী, শিরিনা পারভীন, সাহানা পারভীন, মো: ফিরোজ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।