শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
স্পোর্টস প্রতিবেদক::
বড় শাস্তি শুনলেন সাকিব আল হাসান। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাকে দুই বছরের নিষেধাজ্ঞার শাস্তি দিয়েছে। এর মধ্যে আছে এক বছরের স্থগিত নিষেধাজ্ঞা। ভুল স্বীকার করায় তাকে এক বছরের স্থগিত নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি।
সোমবার এক বিজ্ঞপ্তিতে আইসিসি নিশ্চিত করেছে বিষয়টি। নিষেধাজ্ঞার সময়ে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ থাকবেন সাকিব। শাস্তি শেষে তিনি মাঠে ফিরবেন ২০২০ সালের ২৯ অক্টোবর।
আইসিসির দেওয়া বিবৃতিতে সাকিব বলেছেন, ‘আমার ভালোবাসার ক্রিকেট থেকে নিষিদ্ধ হওয়ায় আমি সত্যিই দুঃখিত। কিন্তু প্রস্তাব গোপন করার শাস্তি আমি মেনে নিয়েছি। দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে কেন্দ্রীয় ভূমিকা রাখার জন্য খেলোয়াড়দের ওপর নির্ভরশীল আইসিসি দুর্নীতিবিরোধী ইউনিট (এসিইউ)। আমি আমার দায়িত্ব পালন করতে পারিনি এই পরিস্থিতিতে।’
তরুণরা যেন এই পথে আর পা না বাড়ায় সেজন্য কাজ করবেন বাঁহাতি অলরাউন্ডার, ‘বিশ্বের অধিকাংশ খেলোয়াড় ও ভক্তদের মতো আমিও চাই খেলা দুর্নীতিমুক্ত থাকুক এবং আমি আইসিসির এসিইউর সঙ্গে শিক্ষা কর্মসূচিতে কাজ করতে চাই এবং নিশ্চিত করতে চাই যেন আমার মতো কোনও তরুণ খেলোয়াড় ভুল না করে।’