শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

ক্যাসিয়াসকে হটিয়ে রেকর্ড গড়লেন মেসি

স্পোর্টস ডেস্ক::

লা লিগায় গত শনিবার রাতে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে শেষ সময়ে গোল পেয়ে উক্ত লীগের সর্বোচ্চ ম্যাচ জয়ের মাইলফলক অর্জন করেন লিওনেল মেসি। এতে সাবেক তারকা ইকার ক্যাসিয়াসকে ছাড়িয়ে রেকর্ডটি নিজের করে নেন এল এম টেন।

ক্যাম্প ন্যু’য়ে অনুষ্ঠিত ম্যাচটিতে সিমিওনের দলকে ২-০ গোলে হারায় বার্সেলোনা। ৮৫তম মিনিটে সুয়ারেজের গোলে এগিয়ে যাওয়ার পর কাতালুনিয়ার দলটি পরের মিনিটেই মেসির গোলে ব্যবধান দ্বিগুণ করে নেয়। ডি-বক্সে তাকে হোসে হিমেনেস বাধা দিতে গিয়ে পড়ে যাওয়ার পর বুদ্ধিদ্বীপ্ত শটে বল জালে পাঠান আর্জেন্টাইন ফরোয়ার্ড।

ম্যাচের বাকিটা সময় নির্বিঘ্নে পার করে দিয়ে লা লিগার চলতি মৌসুমে ২২তম জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। বার্সেলোনার এ জয়ে রেকর্ড হয়ে যায় মেসিরও। লা লিগায় নিজের ৩৩৫তম জয় নিয়ে মাঠ ছাড়েন আর্জেন্টিনার অধিনায়ক।

এস্পানিওলের বিপক্ষে ম্যাচের পরই মেসিকে আগাম অভিনন্দন জানিয়ে রেখেছিলেন ক্যাসিয়াস। রিয়াল মাদ্রিদের সাবেক অধিনায়ক বলেছিলেন, ‘রেকর্ডটা রিয়াল মাদ্রিদের একজন খেলোয়াড় স্পর্শ করলে আমি বেশি পছন্দ করতাম। কিন্তু এ ধরনের রেকর্ড গড়াই হয় ভাঙার জন্য। আর সে সবসময় অসাধারণ। স্বীকৃতিটা তার (মেসির) প্রাপ্য।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com