শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক::
বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই খেলতে কাতার গিয়েছিল বাংলাদেশ দল। ৫-০ গোলের বড় হারের পরদিনই, অর্থাৎ ৫ ডিসেম্বর দেশে ফেরে লাল-সবুজ জার্সিধারীরা। ফেরেননি শুধু অধিনায়ক জামাল ভূঁইয়া। ব্যক্তিগত কারণে কাতারে থেকে যান তিনি। তবে তার ফেরার সময়টা আরও লম্বা হচ্ছে। বিশ্বকাপ বাছাই ম্যাচের পর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এই মিডফিল্ডার। কাতারেই এখন আইসোলেশনে আছেন তিনি।
জামালের পারিবারিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে বিষয়টি। তাছাড়া বাংলাদেশ দলের প্রধান কোচ জেমি ডেও নিশ্চিত করেছেন জামালের আক্রান্ত হওয়ার খবর। এই মুহূর্তে বাংলাদেশ অধিনায়ক কাতার ফুটবল অ্যাসোসিয়েশনে তত্ত্বাবধানে আইসোলেশনে আছেন।
জামালের পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জেমি ডে, ‘হ্যাঁ, খবরটা সত্যি। জামাল করোনাভাইরাস পজিটিভ। খবরটা খুবই খারাপ। কাতারে থাকা অবস্থাতেই ও আক্রান্ত হয়েছে। কয়েকদিন আগেই ও পজিটিভ হয়েছে।’
জানুয়ারিতে শুরু হচ্ছে আই-লিগ। ভারতীয় ফুটবল প্রতিযোগিতায় এবার জামাল খেলবেন কলকাতা মোহামেডানে। গত ১০ ডিসেম্বর নতুন দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল তার। কিন্তু করোনা আক্রান্ত হওয়ায় তার কলকাতায় যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। জেমি ডেও শঙ্কিত, ‘ওর এখনকার যে অবস্থা, তাতে করে কলকাতা মোহামেডানে খেলতে যাওয়াটা অনিশ্চিত হয়ে পড়লো।’
কাতার থেকে অন্য খেলোয়াড় ও স্টাফরা ফিরলেও ব্যক্তিগত কারণে কয়েকদিন পর ফিরতে চেয়েছিলেন জামাল। কিন্তু এর মধ্যে করোনা পরীক্ষা করিয়ে পজিটিভ হয়েছেন বাংলাদেশ অধিনায়ক।
এর আগে নেপালের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ চলাকালীন করোনায় আক্রান্ত হয়েছিলেন জেমি ডে। দ্বিতীয় ম্যাচে ডাগআউটের বাইরে থাকা ইংলিশ কোচের কাতারে যাওয়াও অনিশ্চিত হয়ে পড়েছিল। যদিও ম্যাচের ঠিক আগমুহূর্তে সুস্থ হয়ে ওঠায় বিশ্বকাপ বাছাই ম্যাচে পাওয়া যায় তাকে।