শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

করোনায় সাকিব নেগেটিভ, মাহমুদউল্লাহ পজেটিভ

স্পোর্টস রিপোর্টার::

হঠাৎ করেই দুঃসংবাদ। অথচ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার জন্য করাচি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ঠিক তখনই মন খারাপ করা খবর পেলেন এ অলরাউন্ডার। করোনাভাইরাসে আক্রান্ত মাহমুদউল্লাহ।

তবে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে স্বস্তির খবর পেলেন সাকিব আল হাসান। করোনা নেগেটিভ হলেন তিনি। গত শনিবার করোনা পরীক্ষা করিয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের দুই তারকা ক্রিকেটার। এরমধ্যে দু’জন পেলেন দুই ধরণের খবর।

আজ রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে এই খবর জানা গেল।

সাকিবের ফিটনেস টেস্ট হবে ৯ নভেম্বর। তার আগে এই অলরাউন্ডারের জন্য কোভিড টেস্ট বাধ্যতামূলক। শনিবার সেটিই করলেন তিনি।

শনিবার বিকেলে রাজধানীতে নিজ বাসভবনে করোনা পরীক্ষার নমুনা দিয়েছিলেন সাকিব। এরপর রাতেই পেয়ে যান সুখবর। করোনা নেগেটিভ তিনি। এর অর্থ এবার ফিটনেস পরীক্ষায় পাশ করলেই নেমে পড়তে পারবেন মাঠে।

সাকিবের ফিটনেস টেস্ট হবে ৯ নভেম্বর সকালে। এক বছরের নিষেধাজ্ঞা শেষে এ মাসেই বিসিবির টি-টুয়েন্টি টুর্নামেন্ট দিয়ে ফেরার পরিকল্পনা করছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এ জন্য গত শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পা রেখেছেন ঢাকায়।

অন্যদিকে পিএসএলে অংশ নিতে ১০ নভেম্বর মাহমুদউল্লাহর পাকিস্তানে যাওয়ার কথা ছিল। কিন্তু তার আগে অনিশ্চয়তায় পড়লেন তিনি। মুলতান সুলতানে খেলার কথা ছিল রিয়াদের। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে পাকিস্তানের ফ্রাঞ্চাইজি লিগে খেলার সম্ভাবনা নেই তার। তাকে এখন থাকতে হচ্ছে আইসোলেশনে।

পাকিস্তান যাওয়ার জন্যই ৬ নভেম্বর প্রথম করোনা টেস্ট করান মাহমুদউল্লাহ। পজিটিভ হয়েছিলেন। তবে সন্দেহ দূর করতে ফের নমুনা দেন। কিন্তু এবারও পজিটিভ। গত দুই দিন আগে থেকে হালকা একটু ঠাণ্ডা লেগেছে রিয়াদের। এছাড়া অন্য কোনো উপসর্গ নেই।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com