শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

এ্যাথলেটিক্সে সেরা জহিরও শিরিন ২০০ মিটারে

মুজিবুর রহমান, ই-কণ্ঠ ২৪ ডটকম : ১৭ জানুয়ারি রবিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জাতীয় এ্যাথলেটিক্স প্রতিযোগীতার সমাপনী অনুষ্ঠান। জাতীয় অ্যাথলেটিকসে মেয়েদের ২০০ মিটারে মুকুট ধরে রেখেছেন শিরিন আক্তার। ছেলেদের বিভাগে মুকুট ফিরে পেয়েছেন জহির রায়হান।
পুরুষদের ৮০০ মিটার দৌড় ইভেন্টে যিনি বিজয়ী হলেন, তাকে দেখে মনেই হবে না তিনি জয়ী হতে পারেন। কারণ একেবারেই রোগা, শীর্ণকায়, পুষ্টির অভাবে অভুক্ত। কিন্তু দৌড়াতে শুরু করলে পেছনে ফেলে দেন বাকিদের।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ট্র্যাকে ১৭ জানুয়ারি মেয়েদের ২০০ মিটারে ২৪ দশমিক ৬০ সেকেন্ড সময় নিয়ে সেরা হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর শিরিন। এ বিভাগে বাংলাদেশ সেনাবাহিনীর শরীফা খাতুন (২৫ সেকেন্ড) দ্বিতীয়, আনসার ও ভিডিপির কবিতা রায় (২৫ দশমিক ৭০ সেকেন্ড) তৃতীয় হয়েছেন।
গত আসরে ইসমাইল খানের কাছে মুকুট হারানো জহির এবার সেরা হয়েছেন ২১ দশমিক ৪০ সেকেন্ড সময় নিয়ে। বাংলাদেশ জেলের নাইম ইসলাম (২২ দশমিক ৩০ সেকেন্ড) দ্বিতীয় এবং আনসার ও ভিডিপির সিফাত শেখ (২২ দশমিক ৪০ সেকেন্ড) তৃতীয় হয়েছেন।
২১টি সোনা, ১২টি রুপা ও ১৩টি ব্রোঞ্জ মিলিয়ে ৪৬টি পদক নিয়ে দলগত সেরা হয়েছে নৌবাহিনী। ১৩টি সোনা, ২০টি রুপা ও ৯টি ব্রোঞ্জসহ ৪২টি পদক নিয়ে দ্বিতীয় হয়েছে সেনাবাহিনী। ১টি সোনা, ৫টি ব্রোঞ্জসহ ৬টি পদক নিয়ে তৃতীয় হয়েছে আনসার ও ভিডিপি।
২টি নতুন জাতীয় রেকর্ড হয়েছে। মেয়েদের হাই জাম্পে ১ দশমিক ৭০ মিটার লাফিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়েন সেনাবাহিনীর রিতু আক্তার। ১ দশমিক ৬৮ মিটার লাফিয়ে আগের রেকর্ডটি ২০১৯ সালে গড়েছিলেন উম্মে হাফসা রুমকী।
মেয়েদের ৩ হাজার মিটার দৌড়ে ১০ মিনিট ৪৩ দশমিক ৩০ সেকেন্ড সময় নিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়েন বাংলাদেশ নৌবাহিনীর রিংকি বিশ্বাস। ২০০৩ সালে হালিমা খানম বিথি ১১ মিনিট ০৮ দশমিক ১৫ সেকেন্ড সময় নিয়ে আগের রেকর্ডটি গড়েছিলেন।
বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশনের ব্যবস্থাপনায় স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু ৪৪তম জাতীয় এ্যাথলেটিকস প্রতিযোগিতা গত ১৫ জানুয়ারী,২০২১ ইং শুরু হয়ে অদ্য সন্ধ্যা ৫টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ঢাকায় সমাপনী হয়েছে।
১৭ জানুয়ারি রবিবার বিকাল ৫টায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রতিযোগিতার সমাপনী ঘোষণা করেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ও বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশনের মাননীয় সভাপতি এ এস এম আলী কবীর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিসেস নাদিরা আলী খান। সঞ্চালনা করেন ফেডারেশনের সাধারন সম্পাদক এডভোকেট আব্দুর রকিব (মন্টু)।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com