শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
স্পোর্টস ডেস্ক::
তিন দিনের ব্যবধানে আজ আবার সেই বার্নাবন্যুতেই ‘এল ক্লাসিকো’। দুই চিরশত্রু রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা আজ মুখোমুখি হচ্ছে লিগে। স্প্যানিশ ফুটবল বোদ্ধাদের ধারণা প্রসূত রায়, বুধবারের মতো আজকের এল ক্লাসিকোতেও জিতলে লিগ শিরোপা নিশ্চিত হয়ে যাবে বার্সেলোনার! বাংলাদেশ সময় শনিবার রাত ১.৪৫ মিনিটে শুরু হবে ম্যাচটি।
স্প্যানিশ লা লিগায় এখনো ১৩ রাউন্ডের ম্যাচ বাকি। এখনই লিগ শিরোপা নিষ্পত্তি? কাগজে-কলমে যে নিষ্পত্তি হবে না, সেটি তো জানাই। তবে বাস্তবতার নিরীখে সম্ভাবনাটা সে রকমই। আর এই সম্ভাবনাটা তৈরি করেছে লা লিগার পয়েন্ট তালিকা।
শীর্ষে থাকা বার্সেলোনা এরই মধ্যে তিন নম্বরে অবস্থান করা রিয়াল মাদ্রিদের চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে। আজ জিতলে ব্যবধানটা বেড়ে দাঁড়াবে ১২। সেক্ষেত্রে নিশ্চিতভাবেই লিগ শিরোপা দৌড় থেকে ছিটকে পড়বে রিয়াল। বার্সেলোনার সঙ্গে শিরোপা দ্বৈরথে তখন থাকবে শুধু অ্যাতলেতিকো মাদ্রিদ।
কিন্তু এই অ্যাতলেতিকোও বার্সেলোনার চেয়ে ৭ পয়েন্টে পিছিয়ে। স্প্যানিশ ফুটবল বোদ্ধাদের স্পষ্ট অভিমত, এই ৭ পয়েন্টের ব্যবধান গুছিয়ে অ্যাতলেতিকোর পক্ষে লিগ শিরোপা জেতাটা প্রায় অসম্ভবই হবে! কারণ, শীর্ষে থাকা দলটার নাম বার্সেলোনা।
আরও ১৩টি ম্যাচ বাকি আছে বটে। তবে সূচি বলছে, সেই ১৩ ম্যাচের মধ্যে আজকের ম্যাচটাই বার্সেলোনার জন্য সবচেয়ে কঠিন। রিয়ালের এই কঠিন বাধা পেরোতে পারলে সামনের পথটা হয়ে যাবে মসৃণ। সামনের সেই পথের দিকে তাকিয়েই স্পেনের ফুটবল বিশ্লেষকদের অভিমত, আজ জিতলেই লিগ শিরোপা নিশ্চিত হয়ে যাবে বার্সেলোনার!
বার্সেলোনার কোচ আর্নেস্তো ভালভার্দে মুখে অন্তত তা মানছেন না। বার্নাব্যুর ‘এল ক্লাসিকো’ যুদ্ধে নামার আগে তিনি বলেছেন, ‘আজ আমরা জিতলেই শিরোপা নিষ্পত্তি হয়ে যাবে, এমনটা ভাবার কারণ নেই। কারণ শিরোপা এখনো অনেক দূরের পথ। লিগ জিততে হলে আমাদের সেই পথটুকু হাঁটতে হবে।’
বার্সা কোচ মুখে এমনটা বলছেন বটে। তবে তার মনের ভেতরের বিশ্বাসটাও অন্যদের মতোই। আজ জিতলেই হাতের মুঠোয় এসে যাবে শিরোপা। ভালভার্দের পরের কথাতেই সেটি স্পষ্ট, ‘তবে হ্যাঁ, শনিবারের এল ক্লাসিকোটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাচটা জিততে পারলে আমাদের সামনের কাজটা সহজ হয়ে যাবে।’
সামনের পথটা সহজ করে ফেলার জন্য করণীয়ও ঠিক করে ফেলেছেন বার্সেলোনা কোচ। বুধবার এই বার্নাব্যুতেই কোপা ডেল রের সেমি ফাইনালের দ্বিতীয় লেগে বার্সেলোনা জিতেছে ৩-০ গোলে। দুই লেগ মিলিয়ে ৪-১ অগ্রগামিতা নিয়ে উঠে গেছে ফাইনালে। কিন্তু বুধবার বার্নাব্যুর এল ক্লাসিকোতে অধিনায়ক লিওনেল মেসি ছিলেন নিজের ছায়া হয়ে। পুরো ম্যাচে প্রতিপক্ষ রিয়ালের গোলমুখে একটি শটও নিতে পারেননি আর্জেন্টাইন সুপারস্টার।
ভালভার্দে ভালো করেই জানেন প্রতিদিনই মেসির নিষ্প্রভতায় জেতা যাবে না। তিনি বুঝতে পারছেন, আজ জিততে হলে মেসিকে করে দেখাতে হবে অবিশ্বাস্য কিছু। যেমনটা তিনি প্রতিনিয়তই করে থাকেন। বার্নাব্যুর যুদ্ধে নামার আগে মেসিকে জাগিয়ে তোলার চেষ্টাটাই তাই করে যাচ্ছেন তিনি, ‘বুধবারের ম্যাচটা ভালো যায়নি তার। আশা করি শনিবার তাকে আসল রূপেই দেখা যাবে। আমি জানি, সে নিজেও বিশেষ কিছু করার জন্য মরিয়া।’ মেসি মরিয়া হলে বার্সেলোনা কোচের আর চিন্তা কি!