মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
কুড়িগ্রাম প্রতিনিধি।।
কুড়িগ্রামের উলিপুরে চাঁদা দাবি করে এক ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলার প্রধান আসামি সম্রাট মিয়া (৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ এপ্রিল) বিকেলে কুড়িগ্রাম সরকারি কলেজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ধামশ্রেনী ইউনিয়নের বড়াইবাড়ি এলাকার জহুরুল ইসলাম জকু শেখের ছেলে।
জানা গেছে, উলিপুরের বিশিষ্ট ব্যবসায়ী মফিজল হক জর্দ্দা রোববার (৩১ মার্চ) রাত ১১টার দিকে ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে উলিপুর সরকারি ডিগ্রী কলেজের সামনে পৌঁছিলে সম্রাটসহ তার সংগীয়রা গাড়ি গতিরোধ করে অতর্কিত হামলা চালায়। এতে তিনি ঘটনাস্থলে গুরুত্বর আহত হয়ে পড়েন। এসময় স্থানীয়রা তাকে মূমুর্ষূ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক সেবা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুরে প্রেরণ করেন। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ওই ব্যবসায়ীর ছোট ভাই মাহবুব মিয়া বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।
বুধবার (১০ এপ্রিল) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রধান আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।