শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

‘ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ ব্যাডমিন্টন টুর্নামেন্ট’ শুরু

মুজিবুর রহমান ও কবির হোসেন॥

ঝাকঁজমকপূর্ণ আয়োজনের মধ্যে দিয়ে ‘ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ ব্যাডমিন্টন টুর্নামেন্ট’ আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন শহীদ তাজউদ্দিন আহমদ ইনডোর স্টেডিয়ামে ছয় দিনব্যাপী এ টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব জাহিদ আহসান রাসেল, এমপি।

তিনি বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধুর কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের কথা বিশ্বজুড়ে সম্মানিত। বিজয়ের এই মাসে ব্যাডমিন্টনের এতো বড় আয়োজন দেশের সম্মান আরো বাড়িয়ে দিয়েছে। বিজয়ের মাসে ১৯টি দেশের অংশগ্রহণে এ আসরের উদ্বোধন করতে পেরে আমি গর্বিত। এ ছাড়া বিজয়ের মাসে ১৩তম এসএ গেমস নেপালে যারা দেশের জন্য পদক জিতে সম্মান বয়ে এনেছে তাদের বিশেষ আয়োজনে সংবর্ধনা দেয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রী সেভাবেই নির্দেশনা দিয়েছেন। অনুষ্ঠানে সদ্যসমাপ্ত ১৩তম এসএ গেমসে ব্যাডমিন্টনর মিশ্র দ্বৈতে ব্রোঞ্জজয়ী মোহাম্মদ সালমান খান ও উর্মি আক্তারকে ক্রীড়া প্রতিমন্ত্রী ফুলের শুভেচ্ছা জানিয়ে আর্থিক পুরস্কার হিসেবে প্রত্যেককে ১০,০০০/- (দশ হাজার) টাকা করে প্রদান করেন।

বিশেষ অতিথি বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ও তথ্য মন্ত্রণালয়ের সচিব জনাব আবদুল মালেক বলেন, ‘বিজয়ের এই মাসে মুক্তিযোদ্ধাদের স্মরণ করছি। মুক্তিযুদ্ধের অবদানেই আজ আমরা এ আসর আয়োজন করতে পেরেছি। জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা না দিলে আজ আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না। জাতির পিতা বঙ্গবন্ধুর দেখানো পথেই আমরা এগিয়ে চলছি। সে পথেই আজ আমরা এ আন্তর্জাতিক আসর আয়োজন করতে পেরেছি।’

স্বাগত বক্তব্য রাখেন ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার। তিনি বলেন, ১৯টি দেশের অংশগ্রহণে এ ধরনের আয়োজনকে সফল করতে আপ্রাণ চেষ্টা করব। যা বিশ^ দরবারে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের নাম স্মরণীয় হয়ে থাকবে। এ ছাড়া টাইটেল স্পন্সর কোম্পানীর পক্ষে বেক্সিকো কমিউনিকেশনস আকাশ ডিটিএস’র হেড অব হিউম্যান রিসোর্স মেজর অব. রুহুল আমিন, ফেডারেশনের সহসভাপতি ও টুর্নামেন্ট কমিটির সেক্রেটারী জহিরুল ইসলাম স্বপন ও ফেডারেশনের সহসভাপতি আলমগীর হোসাইন হোসেন বক্তব্য রাখেন।

জাঁকজমক উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই ছিল লেজার শো। ১৯টি দেশের পতাকা হাতে র‌্যাম্প শো প্রদর্শন করা হয়। তবে অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ডিজিটাল স্ক্রিনে বাংলাদেশের প্রধান প্রধান পর্যটন এলাকার স্থির চিত্রের সঙ্গে পল্লী বাংলার গান। সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষ দিকে নাচের সঙ্গে সঙ্গে সাইন্ড সিস্টেমে ভেসে আসে ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা’, নাচের শেষ মূহুর্তে হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ছবি তুলে ধরার মধ্যে দিয়ে শেষ হয় উদ্বোধনী অনুষ্ঠান।

উল্লেখ্য, টুর্নামেন্টে ১৯টি দেশের ১৬৮ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন। এরমধ্যে ১১২ জন পুরুষ ও ৫৬ জন মহিলা খেলোয়াড় রয়েছেন।

অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে- অষ্ট্রেলিয়া, কানাডা, চীন, মিশর, ভারত, জাপান, মালদ্বীপ, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, উজবেকিস্তান, ইন্দোনেশিয়া, মরিশাস, আয়ারল্যান্ড, ভিয়েতনাম, ইরান, ওয়েলস ও স্বাগতিক বাংলাদেশ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com