শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
ক্রীড়া প্রতিবেদক::
ঢাকা প্রিমিয়ার লিগে ১৫ বছরের ক্যারিয়ারে প্রথমবার আবাহনী লিমিটেডে খেলছেন মুশফিক। ঐতিহ্যবাহী দলটির হয়ে প্রথম ম্যাচ স্মরণীয় করে রাখলেন দুর্দান্ত এক সেঞ্চুরিতে। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে রোববার পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে মুশফিক খেলেছেন এই ইনিংস। এবারের প্রিমিয়ার লিগের প্রথম সেঞ্চুরিও এটি।
যে চাওয়া থেকে মুশফিককে দলে এনেছে আবাহনী, প্রথম ম্যাচেই সেই আশা পূরণের ইঙ্গিত দিয়ে রাখলেন তিনি। ব্যাটিংয়ে যখন নেমেছিলেন, দল তখন ধুঁকছিল প্রবলভাবে। দুই ওপেনার লিটন দাস ও মোহাম্মদ নাঈম শেখ আউট হয়েছিলেন শূন্য রানে। তিনে নামা নাজমুল হোসেন শান্ত যখন ফিরে যান, দ্বাদশ ওভারে আবাহনীর রান ছিল ৩ উইকেটে ২৭।
সেখান থেকেই দলকে টেনেছেন মুশফিক। শুরুতে লড়তে হয়েছে তাকেও। অনেকটা সময় নিয়ে থিতু হয়েছেন। প্রথম রানের দেখা পেতে লেগেছে ২৪ বল! ছন্দ পাওয়ার পর অবশ্য হয়ে উঠেছেন অপ্রতিরোধ্য।
৭৫ বলে স্পর্শ করেছিলেন ফিফটি। সেখান থেকে পরের ফিফটিতে লেগেছে ৩৬ বল। ১১১ বলে শতরান ছোঁয়ার পর শেষ দিকে তোলেন ঝড়।
শেষ পর্যন্ত পেসার জয়নুল ইসলামকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দিয়েছেন মিড উইকেটে। তার নামের পাশে তখন ১১ চার ও ৪ ছক্কায় ১২৪ বলে ১২৭ রান।
লিস্ট ‘এ’ ক্রিকেটে মুশফিকের এটি দ্বাদশ সেঞ্চুরি।