বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

আবারও স্বর্ণের দামে পতন

নিজস্ব প্রতিবেদক:: দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন ঘটেছে। টানা ২৪ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বারের মতো দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪০ হাজার ৩৩৬ টাকা। নতুন এ মূল্য একইদিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমার প্রেক্ষিতে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এ মূল্য সমন্বয় করা হয়েছে।

নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ২৯ হাজার ৪৩০ টাকায়, ১৮ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৬ হাজার ৬৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৬০ হাজার ১৪৬ টাকায়।

এর আগে, বুধবার (২৯ এপ্রিল) ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।

চলতি বছরে এখন পর্যন্ত মোট ৫৯ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩২ বার দাম বেড়েছে এবং ২৭ বার কমেছে। আর গত বছর ২০২৫ সালে মোট ৯৩ বার দাম সমন্বয় করা হয়, যেখানে ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানোর নজির রয়েছে।

বাজার বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক বাজারের প্রভাব এবং স্থানীয় চাহিদা-যোগানের পরিবর্তনের কারণেই স্বর্ণের দামে এ ধরনের ঘনঘন সমন্বয় হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com