শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
সাজিয়ে রাখা স্বর্ণের গহনা। পুরোনো ছবি নিজস্ব প্রতিবেদন, একুশের কণ্ঠ:: দেশের বাজারে এক দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম কমেছে। এবার প্রতি ভরি থেকে ২ হাজার ২১৬ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এ নিয়ে টানা পাঁচ দফায় দেশের বাজারে স্বর্ণের দাম কমলো।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকায়। এর আগে এই মানের স্বর্ণের দাম ছিল ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা।
এদিন বাজুসের এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের নতুন দাম ঘোষণা করা হয়। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইস অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় নতুন দাম নির্ধারণ করে।
নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা। একই সঙ্গে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকায়। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।
এদিকে, স্বর্ণের দাম কমলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৪৯৯ টাকায়। ২১ ক্যারেটের রুপার দাম প্রতি ভরি ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম প্রতি ভরি ২ হাজার ২১৬ টাকা।
এর আগে গত শুক্রবার (১৩ নভেম্বর) টানা চতুর্থবারের মতো স্বর্ণের দাম কমানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সেদিন প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১১৫ টাকা কমিয়ে ২২ ক্যারেটের নতুন দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা।