শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

সৃষ্টির প্রতিটি সৌন্দর্যে ফুটে ওঠে মহান আল্লাহর অপার মহিমা

সৃষ্টির প্রতিটি সৌন্দর্যে ফুটে ওঠে মহান আল্লাহর অপার মহিমা ছবি সংগৃহীত

একুশের কন্ঠ অনলােইন ডেস্ক : আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্য ভালোবাসেন। সৌন্দর্য মানুষের সহজাত অনুভূতি। সুন্দর কিছু দেখা, নিজেকে পরিপাটি রাখা কিংবা চারপাশের পরিবেশকে নান্দনিক করে তোলার প্রতি মানুষের আকর্ষণ চিরন্তন। প্রকৃতির অপরূপ রূপ থেকে শুরু করে মানুষের ব্যক্তিত্ব সর্বত্রই সৌন্দর্যের প্রকাশ রয়েছে।

ফুলের সুবাস, নীল আকাশ, সবুজ প্রকৃতি, পাখির কলতান কিংবা প্রিয়জনের মুখের হাসি প্রতিটি বিষয়ই মানুষের হৃদয়ে আনন্দ ও মুগ্ধতা সৃষ্টি করে। সৌন্দর্যের প্রতি এই আকর্ষণ মহান আল্লাহর দেওয়া এক বিশেষ অনুভূতি। ইসলামও সৌন্দর্য ও পরিচ্ছন্নতাকে গুরুত্ব দিয়েছে।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, নিশ্চয়ই আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্য ভালোবাসেন। (সহিহ মুসলিম, হাদিস : ৯১)
প্রকৃতির প্রতিটি স্তরে সৌন্দর্যের ছোঁয়া

মহাবিশ্বের দিকে তাকালেই মহান আল্লাহর অসীম সৃষ্টিশৈলী ও সৌন্দর্যের পরিচয় পাওয়া যায়। বিশাল আকাশকে তিনি অসংখ্য নক্ষত্রের আলোয় সুশোভিত করেছেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, নিশ্চয়ই আমি নিকটবর্তী আকাশকে তারকারাজির সৌন্দর্যে সুশোভিত করেছি। (সুরা : সাফফাত, আয়াত : ৬)

পৃথিবীর বুকেও ছড়িয়ে রয়েছে সৌন্দর্যের অসংখ্য নিদর্শন। সুউচ্চ পাহাড়, প্রবহমান নদী, সবুজ বৃক্ষরাজি, শস্যভরা মাঠ, বাহারি ফুল ও ফল—সবই মহান স্রষ্টার অপূর্ব সৃষ্টির অংশ।

আল্লাহ তাআলা বলেন, আর আমি জমিনকে বিস্তৃত করেছি, তাতে স্থাপন করেছি সুদৃঢ় পর্বতমালা এবং তাতে উদগত করেছি সব ধরনের নয়নাভিরাম উদ্ভিদ। (সুরা : ক্বাফ, আয়াত : ৭)

শুধু প্রকৃতিই নয়, জীবজগতের মধ্যেও রয়েছে সৌন্দর্যের অনন্য প্রকাশ। গবাদিপশুর সৌন্দর্যের কথাও পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ‘আর গবাদিপশুর মধ্যে তোমাদের জন্য রয়েছে সৌন্দর্য, যখন তোমরা সন্ধ্যায় সেগুলোকে ফিরিয়ে আনো এবং সকালে চারণভূমিতে নিয়ে যাও। (সুরা : নাহল, আয়াত : ৬)

মানুষের মধ্যেও স্রষ্টার সৃষ্টিশৈলীর প্রকাশ
মহান আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন সুন্দর অবয়বে। দিয়েছেন চিন্তাশক্তি, বিবেক, অনুভূতি ও উপলব্ধির ক্ষমতা। মানুষের বাহ্যিক সৌন্দর্যের পাশাপাশি তার উত্তম চরিত্র, সুন্দর আচরণ ও মানবিক গুণাবলিও সৌন্দর্যের গুরুত্বপূর্ণ অংশ।

পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তিনিই আল্লাহ, যিনি তোমাদের জন্য পৃথিবীকে আবাসস্থল এবং আকাশকে ছাদস্বরূপ করেছেন। তিনি তোমাদের আকৃতি গঠন করেছেন এবং তোমাদের আকৃতিকে সুন্দর করেছেন। (সুরা : গাফির, আয়াত : ৬৪)

সৌন্দর্য উপভোগের পাশাপাশি স্রষ্টাকে স্মরণ
ইসলামের দৃষ্টিতে সৌন্দর্য কেবল বাহ্যিক সাজসজ্জার মধ্যে সীমাবদ্ধ নয়। পরিচ্ছন্নতা, শালীনতা, উত্তম চরিত্র, সুন্দর ব্যবহার এবং পরিবেশের প্রতি দায়িত্বশীলতাও সৌন্দর্যের অংশ।

তাই সৃষ্টিজগতের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি এর সুরক্ষা ও সংরক্ষণ করাও মানুষের দায়িত্ব। প্রকৃতির অপরূপ দৃশ্য দেখে একজন সচেতন মুমিন মহান আল্লাহর অসীম ক্ষমতা ও সৃষ্টিশৈলী উপলব্ধি করেন। তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সৃষ্টির প্রতিটি সৌন্দর্য যেন নীরবে স্মরণ করিয়ে দেয় এই বিশাল জগতের প্রতিটি অনুপম সৃষ্টির পেছনে রয়েছেন এক মহান স্রষ্টা। আর তাঁর সৌন্দর্য ও মহিমার কোনো সীমা নেই।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com