শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

শীর্ষ বাছাই বাহরাইনকে হারিয়ে ডেভিস কাপে বাংলাদেশের দারুণ জয়

শীর্ষ বাছাই বাহরাইনকে হারিয়ে ডেভিস কাপে বাংলাদেশের দারুণ জয় ছবি সংগৃহীত

ক্রীড়া প্রতিবেদক : ভিয়েতনামে অনুষ্ঠিত ডেভিস কাপ ২০২৬ এশিয়া/ওশেনিয়া গ্রুপ-৫ টেনিস প্রতিযোগিতায় শীর্ষ বাছাই বাহরাইনকে ২-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ফান থিয়েতে নোভাওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত ম্যাচে এই জয় তুলে নেয় বাংলাদেশের টেনিস খেলোয়াড়রা।

ডেভিস কাপ নেশনস র‍্যাঙ্কিংয়ে বাহরাইনের অবস্থান ১২৮তম এবং বাংলাদেশের ১৪৮তম। র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা প্রতিযোগিতার শীর্ষ বাছাই দলকে হারানো বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ অর্জন। এর মধ্য দিয়ে আসরে প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশ। এর আগে প্রথম দিনে নেপালের কাছে পরাজিত হয়েছিল দলটি।

বাহরাইনের বিপক্ষে দিনের প্রথম একক ম্যাচে কাব্য গায়েন ০-৬, ৬-৩ ও ৬-৪ গেমে আহমেদ আলসায়েদকে পরাজিত করেন। প্রথম সেটে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন করে পরপর দুই সেট জিতে নেন তিনি। ম্যাচটি শেষ করতে কাব্যের সময় লাগে দুই ঘণ্টা।

দ্বিতীয় একক ম্যাচে বাংলাদেশের জারিফ আবরার ৭-৬(১) ও ৬-৪ গেমে বাহরাইনের রুশিকেশ সোনাওয়ানেকে হারান। ১ ঘণ্টা ৫৯ মিনিটের লড়াইয়ে সরাসরি দুই সেটে জয় তুলে নিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেন জারিফ।

তবে দিনের শেষ দ্বৈত ম্যাচে জারিফ আবরার ও কাব্য গায়েন জুটি ৫-৭, ৬-৪ ও ৪-৬ গেমে বাহরাইনের হাশিম আলতুবলি ও রুশিকেশ সোনাওয়ানে জুটির কাছে পরাজিত হয়। ২ ঘণ্টা ২২ মিনিটের লড়াইয়ে দ্বিতীয় সেট জিতে ঘুরে দাঁড়ালেও শেষ পর্যন্ত জয় পায়নি বাংলাদেশের জুটি।

বাংলাদেশ দলের নেতৃত্বে রয়েছেন প্লেয়িং ক্যাপ্টেন মোফাজ্জল হোসেন। দলের অন্য সদস্যরা হলেন জারিফ আবরার, কাব্য গায়েন ও মো. রাকিন রহমান। জাতীয় সংস্থার প্রতিনিধি হিসেবে দলের সঙ্গে রয়েছেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের প্রশাসনিক কর্মকর্তা মো. শাফিন আহমেদ।

বাহরাইনের মতো শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে বাংলাদেশের এই সাফল্যে খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ টেনিস ফেডারেশন। একই সঙ্গে প্রতিযোগিতার পরবর্তী ম্যাচগুলোতেও ভালো ফলাফলের জন্য দেশবাসীর দোয়া ও সমর্থন কামনা করেছে সংস্থাটি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com