বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
ছবি সংগৃহীত একুশের কন্ঠ ডেস্ক : জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ব্যবস্থাপনায় সফটওয়্যারজনিত জটিলতায় ভোগান্তিতে পড়েছেন প্রায় ৩৫ হাজার নাগরিক। বিভিন্ন কারণে এসব নাগরিকের এনআইডি বর্তমানে লক অবস্থায় রয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) এনআইডি শাখার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
ইসি সূত্রে জানা গেছে, আঙুলের ছাপের মান কমে যাওয়া, অন্য ব্যক্তির আঙুলের ছাপের সঙ্গে মিল পাওয়া এবং এ ধরনের আরও কিছু জটিলতার কারণে সংশ্লিষ্ট নাগরিকদের এনআইডি লক হয়ে গেছে।
এ সমস্যা সমাধানে সফটওয়্যার উন্নয়নের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। নতুন সফটওয়্যারটি চালু হলে উপজেলা পর্যায় থেকেই নাগরিকদের এনআইডি-সংক্রান্ত জটিলতা নিরসন করা সম্ভব হবে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, সফটওয়্যার তৈরির কাজ চলছে। এটি প্রস্তুত হলে উপজেলা পর্যায় থেকেই সমস্যার সমাধান করা যাবে। বর্তমানে যেসব নাগরিক তাঁদের সমস্যার কথা জানাচ্ছেন, তাঁদের এনআইডি আনলক করে দেওয়া হচ্ছে।