শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
বান্দরবান জেলা প্রতিনিধি : বান্দরবানের আলীকদমে বৈধ লাইসেন্স ছাড়াই তিনটি ইটভাটায় প্রায় দুই কোটি ইট উৎপাদনের প্রস্তুতি চলছে। এ জন্য প্রায় ২০ লাখ ঘনফুট পাহাড়ি মাটি ও ১ লাখ ৪০ হাজার ঘনফুট কাঠ ব্যবহারের পরিকল্পনার অভিযোগ উঠেছে। ইতোমধ্যে মামলা হলেও ভাটাগুলোর কার্যক্রম বন্ধে দৃশ্যমান অগ্রগতি না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
এবিএম, ইউবিএম ও এফবিএম নামের ভাটাগুলোর বিরুদ্ধে পাহাড় ও কৃষিজমির উর্বর মাটি কাটার অভিযোগ রয়েছে। পাশাপাশি কালো ধোঁয়া, ধুলাবালি, ভারী যানবাহনে সড়ক ক্ষতিগ্রস্ত হওয়া এবং ঝুঁকিপূর্ণ কাজে শিশু শ্রম ব্যবহারের অভিযোগও উঠেছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ হানিফ জানান, ইটভাটার ধোঁয়া ও ধুলাবালি শিশু থেকে প্রবীণ সবার জন্য শ্বাসকষ্টসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
লামা বন বিভাগের ডিএফও মোস্তাফিজুর রহমান জানান, সংরক্ষিত বনের ভেতরে বেআইনি কর্মকাণ্ড হলে বন বিভাগ ব্যবস্থা নেবে। অন্যদিকে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা মো. নুরউদ্দিন বলেন, তিনটি অবৈধ ভাটার বিরুদ্ধে ইতোমধ্যে মামলা হয়েছে। নতুন করে ইট পোড়ানো বা পাহাড় কাটার প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আলীকদমের ইউএনও মনজুর আলম জানান, প্রস্তুতি নেওয়া তিনটি ভাটার একটিরও বৈধ লাইসেন্স নেই। এগুলো উচ্ছেদের জন্য পরিবেশ অধিদপ্তরকে একাধিকবার তাগিদ দেওয়া হয়েছে।
স্থানীয়দের দাবি, দ্রুত তদন্ত করে অবৈধ ভাটাগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। অন্যথায় ইট উৎপাদনের নামে পাহাড়, বন ও কৃষিজমি ধ্বংসের পাশাপাশি এলাকার পরিবেশ ও জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে পড়বে।