রবিবার, ০৫ Jul ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা সোনা) দাম কমার প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে।
আজ সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির এক বৈঠকে স্বর্ণের দাম কমানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গত ২৩ এপ্রিল ভালো মানের স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছিল। সেই দাম কমানোর পাঁচ দিন পর ফের সোনার দাম কমানোর ঘোষণা দিল বাজুস।
আজ থেকে ২২ ক্যারেটের এক ভরি সোনা ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকায় বিক্রি হবে। ২১ ক্যারেট ২,৩৩,৫৭২ টাকা। ১৮ ক্যারেট ২,০০,২১৩ টাকা এবং সনাতন পদ্ধতি ১,৬৩,০৬৩ টাকা।
উল্লেখ্য, গত ১৫ এপ্রিলও স্বর্ণের দাম কমানো হয়েছিল। সেই সময় সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকায় নির্ধারণ করা হয়েছিল, যা আজ সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত কার্যকর ছিল।
এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৫৭ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ৩২ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে ২৫ দফা। আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।
স্বর্ণের পাশাপাশি রুপার দামেও কিছুটা স্বস্তি এসেছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২৩৩ টাকা কমিয়ে ৫ হাজার ৪৮২ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ২৩৪ টাকা কমিয়ে ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ১৭৫ টাকা কমিয়ে ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১১৬ টাকা কমিয়ে ৩ হাজার ৩৮৩ টাকা নির্ধারণ করেছে বাজুস।