শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার::
বিশ্বকাপের সূচিতে একই ভেন্যুতে কোনো দলের টানা দুটি ম্যাচ রয়েছে খুব কমই। প্রতি ম্যাচের পরেই তাই ইংল্যান্ডের এক শহর থেকে আরেক শহরে পা রাখতে হচ্ছে মাশরফিদের।
কোনো ভেন্যু থেকে সুখস্মৃতি নিয়ে ফিরলে আরেক ভেন্যুতে হয়তো আফসোস আর হতাশা সঙ্গী হচ্ছে বাংলাদেশের। তবুও স্বপ্ন নিয়েই বিশ্বকাপের পথচলা চলছে।
টন্টনে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর সুখস্মৃতি নিয়ে নটিংহামে পা রেখেছিলেন মাশরাফিরা। নটিংহামে অস্ট্রেলিয়ার কাছে ৪৮ রানে হেরেছে বাংলাদেশ।
তবে লড়াকু পারফরম্যান্সে মুশফিকরা মন জয় করেছে সবার। ম্যাচে ফল দিয়েই সাফল্য মাপা হয়। তাই মন জয় করে বাস্তবে লাভ হচ্ছে না টাইগারদের।
এবার আফগানিস্তানকে হারানোর লক্ষ্য নিয়ে শুক্রবার নটিংহাম থেকে সাউদাম্পটনে পৌঁছেছে বাংলাদেশ দল। সোমবার সাউদাম্পটনের রোজ বোলে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান।
নটিংহামে ম্যাচের দিন বৃষ্টির সম্ভাবনা ছিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের সময় কিছুটা বৃষ্টিও হয়েছে। তাতে অবশ্য ম্যাচ পরিত্যক্ত হয়নি। এর আগে শ্রীলংকার বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় হতাশায় পুড়েছিল বাংলাদেশ।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সেটা হলে খুশিই হতেন মাশরাফিরা। কিন্তু তা হয়নি। বৃষ্টির আগেই রানের পাহাড় গড়েছিল অস্ট্রেলিয়া।
সেই পাহাড় টপকাতে না পারলেও মিচেল স্টার্ক, প্যাট কামিন্সদের পেস ও বাউন্সের পাল্টা জবাব দিয়ে বুক চিতিয়ে লড়াই করেছে বাংলাদেশ। ৩৮২ রানের লক্ষ্যে নেমে মুশফিকুর রহিমের হার নামানা সেঞ্চুরি ও মাহমুদউল্লাহর আক্রমণাত্মক ব্যাটিংয়ে ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ (৩৩৩/৮) স্কোর গড়ে বাংলাদেশ।
সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে এখন বাকি তিন ম্যাচেই জিততে হবে। একই সঙ্গে প্রার্থনা করতে হবে লড়াইয়ে থাকা অন্য দলগুলো যেন হারতে থাকে। বাংলাদেশের পরের ম্যাচে তুলনামূলক সহজ প্রতিপক্ষ আফগানিস্তান। এই ম্যাচে প্রত্যাশিত জয় পেলেও অবশ্য স্বস্তিতে থাকতে পারবে না বাংলাদেশ। তবে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে সমানতালে লড়াই করে দলের আত্মবিশ্বাস বেড়েছে বহুগুণে। সেই
আত্মবিশ্বাস নিয়েই সাউদাম্পটনে পা রেখেছে টাইগাররা। টন্টনে যেমন ছোট মাঠ নিয়ে মাশরাফিদের ভয় ছিল, এবার ভয় সাউদাম্পটনের বড় মাঠ নিয়ে। আফগানিস্তানের বোলিংয়ের মূল শক্তি স্পিন। চাইলেও তাই দুঃশ্চিন্তা এড়াতে পারছেন না মাশরাফিরা।