শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার॥
আজ ৬ এপ্রিল (শনিবার) থেকে শুরু হয়েছে জাতীয় সিনিয়র টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের খেলা। ৩১টি পুরুষ ও ১৩টি নারী দল নিয়ে অনুষ্ঠিত হবে এবারের আসর। সাতটি ইভেন্টে খেলাগুলো অনুষ্ঠিত হবে।
এগুলো হলো- পুরুষ ও নারী একক, দ্বৈত ও দলগত এবং মিশ্র দলগত। টুর্নামেন্টের বাজেট ধরা হয়েছে সাত লাখ টাকা। যার মধ্যে পুরোটাই দিচ্ছে পৃষ্ঠপোষক উইজডম অ্যাট্রায়ার্স ও বিকেএমইএ। একক, দ্বৈত ও দলগতের চ্যাম্পিয়ন এবং রানার্সআপদের ট্রফি দেয়া হবে বলে ৫ এপ্রিল শুক্রবার এক সংবাদ সম্মেলনে জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর আলম।
এ সময় ফেডারেশনের সহ-সভাপতি খোন্দকার হাসান মুনীর, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান শামসুল আলম আনু, কোষাধ্যক্ষ আহসান আহমেদ অমিত, টুর্নাম্টে সম্পাদক আনোয়ার কবির চৌধুরী বাবু ও সদস্য তাজউদ্দিন পাপ্পু উপস্থিত ছিলেন। সকাল ১০টায় স্বল্প পরিসরে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। যেখানে গান পরিবেশন করবেন টিটি খেলোয়াড় ও ডাক্তার মানস চৌধুরী। এছাড়া গানের সঙ্গে নাচ করবেন আরেক টিটি খেলোয়াড় সাদিয়া ইসলাম মৌ।