শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

আজ থেকে আবার শুরু জাতীয় ক্রিকেট লিগ 

স্পোর্টস রিপোর্টার::

ক্রিকেটারদের ধর্মঘটের কারণে জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ড নির্ধারিত সময়ে শুরু হয়নি। তৃতীয় রাউন্ড শুরু হওয়ার কথা ছিল বৃহস্পতিবার।

বুধবার বিসিবি ও ক্রিকেটারদের মধ্যে সমঝোতার পর জাতীয় ক্রিকেট লিগের ম্যাচ দু’দিন পিছিয়ে দেয়া হয়। আজ শনিবার থেকে দেশের চারটি ভেন্যুতে শুরু হবে তৃতীয় রাউন্ডের খেলা। এবার চোখ রাঙাচ্ছে বৃষ্টি। আজও সারা দেশে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

প্রথম স্তরের ম্যাচে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খুলনা বিভাগের মুখোমুখি হবে ঢাকা বিভাগ। কক্সবাজারে আরেক মাঠে প্রথম স্তরের দ্বিতীয় ম্যাচে রাজশাহীর প্রতিপক্ষ রংপুর। বগুড়ায় দ্বিতীয় স্তরের ম্যাচে বরিশালের বিপক্ষে নামবে ঢাকা মেট্রো। রাজশাহীতে চট্টগ্রামের প্রতিপক্ষ সিলেট। আগের ম্যাচে আম্পায়ারদের সঙ্গে খারাপ ব্যবহারের জন্য এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন রংপুরের অধিনায়ক নাসির হোসেন। তৃতীয় রাউন্ডে তিনি খেলতে পারবেন না।

প্রথম স্তরে ১৩.৭ পয়েন্ট নিয়ে সবার উপরে রয়েছে খুলনা।

এরপর রয়েছে ঢাকা বিভাগ (৬.৯৪), রংপুর (৫.২২) ও রাজশাহী (৪.৬১)। দ্বিতীয় স্তরে ১২ পয়েন্ট নিয়ে সবার উপরে বরিশাল বিভাগ। এরপর সিলেট (১১.১৯), চট্টগ্রাম (৬.৯২) ও ঢাকা মেট্রো (৪.৪৯)।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com