শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
স্পোর্টস ডেস্ক::
আন্তর্জাতিক ক্রিকেটে অসামান্য অবদানের জন্য মেরিলিবোন ক্রিকেট ক্লাবের আজীবন সম্মানিত সদস্য হওয়ার গৌরব অর্জন করলেন ইনজামাম-উল-হক ও মার্ক বাউচার।
শুক্রবার পাকিস্তানের সাবেক অধিনায়ক এবং আফ্রিকার সাবেক উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে এ মর্যাদা দেওয়া হয়।
এর আগে এমন বিরল গৌরব অর্জন করেছিলেন ইমরান খান, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, শহীদ আফ্রিদি, অ্যালান ডোনাল্ড, জন্টি রোডস, শন পোলক ও ডারিল কুলিনান।
২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ইনজামাম-উল-হক। তবে ক্রিকেট ছাড়ার আগে ১১৯ টেস্টে ৫০.১৬ গড়ে ২৫টি সেঞ্চুরি সহকারে ৮ হাজার ৮২৯ রান করেন ইনজামাম। পাশাপাশি ৩৭৮টি ওয়ানডেতে ৩৯.৫০ গড়ে ১১ হাজার ৭৩৯ রান করেন তিনি। এ ছাড়াও ছিলেন ১৯৯২ বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য।
অপরদিকে, প্রোটিয়াদের হয়ে ১৪৬ টেস্ট খেলেন মার্ক বাউচার। উইকেটের পেছনে ৫৩০টি ক্যাচ এবং ২৩টি স্ট্যাম্পিং করেন তিনি। এ ছাড়াও ব্যাট হাতে করেছেন ৫ হাজার ৪৯৮ রান। তাছাড়াও টেস্ট ও ওয়ানডে-দুই ফরম্যাট মিলিয়ে ৯৯৮ ক্যাচ এবং স্ট্যাম্পিং নিয়ে বিরল রেকর্ডের মালিক তিনি। বর্তমানে টাইটানস দলের কোচের ভূমিকায় আছে বিশ্বনন্দিত এই ক্রিকেটার।