শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

আজই চূড়ান্ত হবে সেমিফাইনালের লাইন-আপ?

স্পোর্টস ডেস্ক::

জিতলেই সেমি-ফাইনালে খেলার ছাড়পত্র মিলবে, এই পরিস্থিতিতে আজ বুধবার ডারহামে গ্রুপ লিগে নিজেদের শেষ ম্যাচে পরস্পরের মুখোমুখি হচ্ছে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। ৮ ম্যাচে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের পয়েন্ট যথাক্রমে ১০ (+১.০০০) এবং ১১ (+০.৫৭২)। আজ যারা জিতবে, তারা সেমি-ফাইনালে উঠে যাবে। আর অন্য দলকে তাকিয়ে থাকতে হবে বাকি ফলাফলের দিকে। যেমন, এই ম্যাচে ইংল্যান্ড হারলে এবং পাকিস্তান (এখন ৮ ম্যাচে তাদের পয়েন্ট ৯) বাংলাদেশের বিরুদ্ধে জিতলে কিন্তু তারা সংগঠক দেশকে লিগ টেবিলে টপকে যাবে। আর বুধবার নিউজিল্যান্ড হারলেও কিন্তু রানের গড়ে তারা পাকিস্তানের (-০.৭৯২) থেকে আপাতত এগিয়েই রয়েছে।

তবে, এত সব হিসেবের মধ্যে না গিয়ে বুধবার জিততে মরিয়া ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগ্যান ও নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। বিশ্বকাপে টিকে থাকার ভাগ্য এখন তাদেরই হাতে। ‘অপরাজিত’ থাকা ভারতকে শেষ ম্যাচে ৩১ রানে হারিয়ে এই মুহূর্তে আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছে ইংল্যান্ড। শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার কাছে পরপর দু’টি ম্যাচে হারের পর ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের জয় সমালোচকদের মুখ বন্ধ করে দিতে পেরেছে। হ্যামস্ট্রিং চোটের জন্য ওপেনার জ্যাসন রয়ের খেলতে না পারা ইংল্যান্ডের ব্যাটিংকে যেন দানা বাঁধতে দিচ্ছিল না। জ্যাসন রয় ফিরতেই জয়ে ফিরল ইংল্যান্ড। জনি বেয়ারস্টো ও জ্যাসন রয়ের (৬৬) জুটিতে ১৬০ রান যোগ হওয়াই ম্যাচের টার্নিং পয়েন্ট বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। এরপর বেন স্টোকসের ৭৯ রানের ইনিংস দলের রানকে পৌঁছে দিয়েছিল সাত উইকেটে ৩৩৭ রানে। এরপর ক্রিস ওকস এবং লিয়াম প্লাঙ্কেটের দাপটে জয় ছিনিয়ে নিতে সমস্যা হয়নি মরগ্যানদের।

ক্রিস ওকস জানিয়েছেন, ‘ঘরে-বাইরে চাপের মুখে ভারতের বিরুদ্ধে জয় আমাদের মানসিকভাবে দারুণ চাঙ্গা করেছে। আশা করি, নিউজিল্যান্ড ম্যাচের পরও আমরা একইরকম চাঙ্গা থাকব।’ ওকস আরো বলেছেন, ‘আসলে আমরা নক-আউট ম্যাচ বেশি খেলিনি। তবে, এমন একটা পরিস্থিতিতে পড়ার জন্য আমরা নিজেরাই দায়ী। আর আমাদেরই এই চাপ কাটিয়ে বেরিয়ে আসতে হবে।’

অন্যদিকে, পরপর দু’টি ম্যাচে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার কাছে হেরে ইংল্যান্ড ম্যাচের আগে বেশ চাপে নিউজিল্যান্ড শিবির। তাদের বোলিং আক্রমণ মূলত ট্রেন্ট বোল্টের উপর নির্ভরশীল। যদিও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বোল্টের হ্যাটট্রিক সত্ত্বেও জিততে পারেনি নিউজিল্যান্ড। রিভারসাইডের উইকেটে স্পিনারদের জন্য বিশেষ কিছুই থাকে না বলে ইংল্যান্ডের বিরুদ্ধে একজন বাড়তি পেসার নিয়ে খেলতে পারে নিউজিল্যান্ড। সেক্ষেত্রে ইশ সোধির বদলে দলে ঢুকবেন ম্যাট হেনরি। আর রানের জন্য কিউয়ি শিবির তাকিয়ে থাকবে অধিনায়ক উইলিয়ামসন এবং সিনিয়র ব্যাটসম্যান রস টেলরের দিকে। দুই ওপেনার কলিন মুনরো ও মার্টিন গাপটিল রান পাচ্ছেন না। তাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কলিন মুনরোকে বাধ্য হয়ে বসিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছিল নিউজিল্যান্ডের টিম ম্যানেজমেন্ট।

অন্যদিকে, শ্রীলঙ্কার বিরুদ্ধে ৭৩ রানে অপরাজিত থাকার পর ছ’টি ইনিংসে গাপটিলের সংগ্রহ মাত্র ৮৫ রান। অপরদিকে, এই বিশ্বকাপে দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান টম লাথামের রানের গড় মাত্র ৮.২। একাধিক ম্যাচে ব্যাট হাতে দলকে টেনেছেন অধিনায়ক কেন উইলিয়ামসনই। করেছেন সেঞ্চুরিও। নিউজিল্যান্ডের ব্যাটিং কোচ ক্রেগ ম্যাকমিলান বলেছেন, ‘গাপটিল আর লাথাম সত্যিই এখনও বড় ইনিংস খেলতে পারেনি। তবে, আমরা যে এখনো ব্যাটিং ইউনিট হিসেবে পারফর্ম করতে পারিনি, এই বিষয়টি আমাকে আশাবাদী থাকতে উৎসাহ জোগাচ্ছে। আমরা এখনো নক-আউট পর্বে উঠতে পারিনি। আর তাই ইংল্যান্ডের বিরুদ্ধে নিজেদের মোটিভেট করতে ছেলেদের কোনো সমস্যা হবে না।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com