শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
স্পোর্টস ডেস্ক::
করোনাভাইরাসের কারণে বিশ্বের অনেক মানুষ অসহায়ত্বের শিকার হয়েছে। দক্ষিণ আফ্রিকায়ও করোনা দুর্যোগের শিকার হয়ে খাদ্যাভাবে ভুগছে অসংখ্য বাচ্চা। আর তাদের খাদ্য সহায়তা করতে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসি নিজের ব্যাট এবং জার্সি নিলামে তুলছেন। যেখানে প্রাপ্ত অর্থ দিয়ে ব্যবস্থা করা হবে সেই অসহায় বাচ্চাদের আহার।
দক্ষিণ আফ্রিকা জুড়ে এই কার্যক্রম চলছে। ডু প্লেসিকে এই কার্যক্রমে যোগ দিতে মনোনয়ন করেন তারই বন্ধু এবি ডি ভিলিয়ার্স। বন্ধুর ডাকে সাড়া দিয়ে ডু প্লেসি সম্পূর্ণ নতুন একটা ব্যাট এবং ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে গায়ে জড়ানো গোলাপি রঙের ওয়ানডে জার্সি নিলামে দেন।
এ নিয়ে ডু প্লেসি বলেন, ‘করোনাভাইরাসের কারণে প্রচুর মানুষ বিপর্যস্ত অবস্থায় পড়েছেন। দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মতো আমরা এমন বাজে অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি। আর তাই আমি আমার একটা ব্যাট এবং ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে গায়ে জড়ানো গোলাপি ওয়ানডে জার্সি নিলামে তুলছি। অল ইন আফ্রিকা ওয়েবসাইটে এই নিলাম অনুষ্ঠিত হবে। আমাকে এই কাজে মনোনীত করেছেন এবি ডি ভিলিয়ার্স।’
‘এই পুরো কার্যক্রম পরিচালিত হবে হিলসং আফ্রিকা ফাউন্ডেশনের সহায়তায়। আমাদের লক্ষ্য এ নিলাম থেকে ৫ লাখ র্যান্ড সংগ্রহ করা। যে অর্থ ব্যয় করা হবে স্থানীয় অসহায় বাচ্চাদের সহায়তায়।’- যোগ করে বলেন ডু প্লেসি।
এবারই প্রথম অসহায় বাচ্চাদের সহায়তায় এগিয়ে আসেননি ডু প্লেসি। এর আগেও এ প্রোটিয়ান এবং তার স্ত্রী করোনাভাইরাস বিপর্যয়ের শুরুতে ৩৫ হাজার বাচ্চাকে সাহায্য করেছেন অর্থ সংগ্রহ করে।