শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
স্পোর্টস ডেস্ক::
বাংলাদেশের বর্তমান সফলতার নেপথ্যে টাইগার কাপ্তান মাশরাফি বিন মর্তুজার অবদান অনেক বেশী। অথচ বিশ্বকাপের পরই তার অবসর নেওয়ার জোর গুঞ্জন উঠেছে। কিন্তু ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্যাপারটি উড়িয়ে দিলেন টাইগার অধিনায়ক।
ভারত ম্যাচের আগে লম্বা ছুটি পেয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। টুর্নামেন্টে ভালো করতে থাকায় বেশ ফুরফুরে মেজাজেই আছেন অধিনায়ক ও দল। বৃহস্পতিবার ইএসপিএন ক্রিকইনফোর সঙ্গে আলাপে মাশরাফি আসরের বাকি অংশ নিয়ে ভাবনার পাশাপাশি বলেছেন অবসর বিষয়েও। তিনি বলেন, ‘এটি অবশ্যই আমার শেষ বিশ্বকাপ। তবে আমি টুর্নামেন্টের পরপরই অবসর নিচ্ছি না। আমি এখন এটি নিয়ে ভাবতে চাই না। কেননা, এখনো টুর্নামেন্ট চলছে।’
তবে বোর্ড চাইলে অবসর নিয়ে ভাববেন বলেও জানিয়েছেন টাইগার দলনায়ক, ‘কিন্তু যদি বোর্ডের পক্ষ থেকে কোনো নির্দেশনা থাকে, তবে আমি সেটি নিয়ে ভাববো।’
বিসিবির অবশ্য তাড়া নেই! অবসর বিষয়ে মাশরাফির যেকোনো সিদ্ধান্তকে সম্মান জানাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির পরিচালক জালাল ইউনুস বলেছেন তেমনই, ‘সে দারুণভাবে দলকে নেতৃত্ব দিচ্ছে। সুতরাং, আমরা এখন এটি (মাশরাফীর অবসর) নিয়ে ভাবছি না। সিদ্ধান্ত তার উপরই। সে কি খেলা চালিয়ে যাবে, দলকে নেতৃত্ব দেবে, নাকি দেবে না, আমরা বল তার কোর্টেই ছেড়ে দিয়েছি।’
আগামী একবছর বাংলাদেশ খুব বেশি ওয়ানডে খেলবে না। ২০২০ টি-টুয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে অবশ্য অনেকগুলো ছোট ফরম্যাটের ম্যাচ খেলবে টাইগাররা।