বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
চার পান্ডব সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ আবার এক সঙ্গে খেলবেন আগামীকাল স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ২৪ ডটকম : মাশরাফি বিন মর্তুজা যদি থাকতেন! এই আফসোস এখনও সবার মধ্যেই হয়। কিন্তু একটা সময়তো জাতীয় দল থেকে দুরে সরে যেতেই হয়। মাশরাফি এখন দুরে আছেন। তাই ৫ পান্ডব আর কখনো এক সঙ্গে হবেন, তা ভাবাই যাচ্ছে না। তবে ৪ পান্ডব এখনও আছেন। এবার আফগানিস্তানের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজে একসঙ্গে খেলবেনও।
আগামীকাল প্রথম ওয়ানডেতেই তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ প্রায় ৯ মাস পর আবার একসঙ্গে খেলবেন। তাতে করে ভীষণ খুশি বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল।
‘এটা সৌভাগ্য যে এই সিরিজে পুরো দল পাব, অধিনায়ক হিসেবে এরচেয়ে ভালো কিছু হতে পারে না’
তামিম ইকবাল এ নিয়ে বলেন, ‘ইনজুরি বলুন বা ছুটির কারণে আমরা পুরো দল খেলতে পারিনি। এটা সৌভাগ্য যে এই সিরিজে পুরো দল পাব। অধিনায়ক হিসেবে এরচেয়ে ভালো কিছু হতে পারে না। সবাই ভালো অবস্থায় আছে; মানসিক দিক বা পারফরম্যান্সের দিক থেকে। আমরা সবাই জানি এই সিরিজ আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ।’ গতবছর মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে দেশের মাটিতে সিরিজে সবশেষ চার পান্ডবকে একসঙ্গে দেখার মিলেছিল।
এরপর আর দেখা যায়নি। জুলাইয়ে জিম্বাবুইয়ের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে টেস্টে ছিলেন না তামিম। ওয়ানডেতে খেলতে পারেননি মুশফিক। টি-২০ সিরিজে তামিম ও মুশফিক ছিলেন না।
আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে দেশের মাটিতে টি-২০ সিরিজে তামিম ও মুশফিক ছিলেন না। সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে টি-২০ সিরিজে তামিম ছিলেন না। টি-২০ বিশ্বকাপেও তামিমকে দল পায়নি। গতবছর নবেম্বরে পাকিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজে তামিম, সাকিব, মুশফিককে দেখা যায়নি। ছিলেন শুধু মাহমুদুল্লাহ রিয়াদ। টেস্ট সিরিজে তামিম ছিলেন না। আর রিয়াদ তো টেস্ট থেকে অবসরই নেন। সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে এ বছর শুরুতে টেস্ট সিরিজে তামিম, সাকিব, রিয়াদ ছিলেন না। চার পান্ডবের মধ্যে ছিলেন শুধু মুশফিক। এ বছর দেশের মাটিতে প্রথম সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। সেই সিরিজের চার পান্ডবকে এক সঙ্গে দেখার মিলবে। তাতে করে মহা খুশি তামিম ইকবাল।