সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
ছবি সংগৃহীত একুশের কন্ঠ অনলাইন ডেস্ক : পবিত্র রমজান, শবে কদর ও ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ধর্মীয় উপলক্ষ। এক মাসের সিয়াম সাধনা, রমজানের শেষ দশকের পবিত্র শবে কদর এবং রোজা শেষে ঈদুল ফিতর উদ্যাপনের মধ্য দিয়ে মুসলমানদের ধর্মীয় জীবনে আসে বিশেষ আবহ। এরই মধ্যে ২০২৭ সালের এসব ধর্মীয় দিবসের সম্ভাব্য তারিখ ও ছুটির ক্যালেন্ডার প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত।
প্রকাশিত ক্যালেন্ডার অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি সোমবার থেকে ১৪৪৮ হিজরির পবিত্র রমজান মাস শুরু হতে পারে। মাসব্যাপী রোজা পালনের পর ৯ মার্চ মঙ্গলবার উদ্যাপিত হতে পারে পবিত্র ঈদুল ফিতর। অন্যদিকে, ৫ মার্চ দিবাগত রাতে পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর।
জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, রমজানের প্রথম দিন ৮ ফেব্রুয়ারি ঢাকায় সেহরির শেষ সময় হতে পারে ভোর ৫টা ১৯ মিনিট। আর ইফতারের সম্ভাব্য সময় বিকেল ৫টা ৪৯ মিনিট।
১৪৪৮ হিজরির রমজান উপলক্ষে প্রকাশিত প্রাথমিক নামাজের সময়সূচিতে এসব তথ্য দেওয়া হয়েছে। আলাদান ডটকমের সময়সূচি অনুযায়ী, ওই দিন ঢাকায় মাগরিবের ওয়াক্ত শুরু হবে বিকেল ৫টা ৪৯ মিনিটে। মানারাত আল-ইসলামের প্রকাশিত সময়সূচিতে একই সময় উল্লেখ করা হয়েছে। মাগরিবের ওয়াক্ত শুরু হলেই রোজাদাররা ইফতার করবেন।
এদিকে, ২০২৭ সালের পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ ১৬ থেকে ১৮ মে পর্যন্ত পালিত হতে পারে। এর আগের দিন ১৫ মে পবিত্র আরাফাত দিবস পালনের সম্ভাবনা রয়েছে।
প্রকাশিত ক্যালেন্ডারে হিজরি সনের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবসের সম্ভাব্য তারিখ উল্লেখ করা হয়েছে। এর মধ্যে ৪ ও ৫ জানুয়ারি দিবাগত রাতে শবে মেরাজ এবং ২২ ও ২৩ জানুয়ারি দিবাগত রাতে শবে বরাত পালিত হতে পারে। এ ছাড়া ১৫ জুন পবিত্র আশুরা এবং ১৪ ও ১৫ আগস্ট মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মবার্ষিকী ঈদে মিলাদুন্নবী পালনের সম্ভাব্য তারিখ হিসেবে দেখানো হয়েছে। একই ক্যালেন্ডারে ২৪ ও ২৫ ডিসেম্বর দিবাগত রাতে শবে মেরাজের আরেকটি সম্ভাব্য তারিখও উল্লেখ রয়েছে।
তবে ক্যালেন্ডারে দেওয়া এসব তারিখ প্রাথমিক হিসাবনির্ভর, এখনো চূড়ান্ত নয়। বিশেষ করে রমজান মাসের শুরু ও ঈদুল ফিতরের দিন নির্ধারিত হবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে। ফলে বাংলাদেশে রমজান শুরু এবং ঈদ উদ্যাপনের তারিখ সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে এক দিন আগে বা পরে হতে পারে। এ বিষয়ে জাতীয় চাঁদ দেখা কমিটির ঘোষণার পরই চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।
ধর্মীয় কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী, নতুন চাঁদ দেখার ওপর নির্ভর করেই ইসলামী মাস ও ধর্মীয় উৎসবের তারিখ নির্ধারণ করা হয়। এ ছাড়া ইফতারের সময়ও স্থানভেদে পরিবর্তিত হয়। তাই ঢাকার জন্য প্রকাশিত সময়সূচি দেশের অন্যান্য অঞ্চলের ক্ষেত্রে হুবহু প্রযোজ্য নাও হতে পারে।
উল্লেখ্য, ২০২৬ সালে বাংলাদেশে পবিত্র রমজান মাস শুরু হয়েছিল ১৯ ফেব্রুয়ারি। মাসব্যাপী রোজা পালনের পর ২০ মার্চ উদ্যাপিত হয় পবিত্র ঈদুল ফিতর।