সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, অনলাইন ডেস্ক॥
ঢাকাসহ দেশের ১৩টি জেলায় আজ দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। সেই সঙ্গে এসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সোমবার (১৭ আগস্ট ২০২৬) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেয়া আবহাওয়ার এক সতর্কবার্তায় এই শঙ্কার কথা জানানো হয়।
আবহাওয়া বার্তায় বলা হয়েছে- রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।