শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

১০ ব্যাংককে আজ শোকজ করছে বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক::

সরকারি, বেসরকারি ও বিদেশী খাতের ১০টি ব্যাংকের চট্টগ্রাম শাখার বিরুদ্ধে নতুন করে ঘোষণার চেয়ে বেশি দামে ডলার বিক্রির অভিযোগ উঠেছে। প্রাথমিক অভিযোগের প্রমাণও পেয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে এসব ব্যাংকের বিরুদ্ধে আজ রোববার শোকজ নোটিশ পাঠাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। গত মাসে ২৮টি ব্যাংকের বিরুদ্ধে একই অভিযোগ উঠেছিলো। অভিযোগ প্রমাণিত হওয়ায় ৯ ব্যাংককে শোকজ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, ব্যাংকগুলো আমদানিকারকদের কাছ থেকে ঘোষিত ৮৩ টাকা ৮৫ পয়সার চেয়ে প্রতি ডলারে প্রায় এক টাকা বেশি দাম নিয়েছে। বিষয়টি বৈদেশিক মুদ্রা বিভাগের পরিদর্শনে প্রমাণিত হওয়ায় ১০টি ব্যাংককে শোকজ করা হচ্ছে।

ব্যাংকগুলো হচ্ছে- বিদেশী মালিকানাধীন সিটি এনএ ও আল-ফালাহ, দেশী মালিকানাধীন বেসরকারি খাতের মধুমতি, এনঅরবি কমার্শিয়াল, ব্রাক, মেঘনা, পূবালী, সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ও মিডল্যান্ড এবং রাষ্ট্রমালিকানাধীন রুপালী ব্যাংক।

গত মাসে একই অভিযোগে ডাচ-বাংলা, ঢাকা, ট্রাস্ট, বেসিক, মিউচ্যুয়াল ট্রাস্ট, সিটি, প্রাইম, এনসিসি এবং এক্সিম ব্যাংককে শোকজ করা হয়েছিলো। ব্যাংকগুলোর জবাব বিশ্লেষণ করে পরবর্তী আইনানুগ ব্যাবস্থা নেয়া হচ্ছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত মাসে ৯টি ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের কাছে আমদানিতে দর ৮৩ টাকা ৮৫ পয়সা দেখালেও নিয়েছে ৮৪ টাকা ৯০ পয়সা পর্যন্ত। আমদানিকারকদের থেকে এই ব্যাংকগুলো যে দাম নিয়েছে, তার চেয়ে কম হিসাব দেখিয়েছে।

সংশ্লিষ্টরা জানান, সরবরাহের তুলনায় বেশি চাহিদার কারণে বেশকিছু দিন ধরে ডলারের দাম বেড়েই চলেছে। গত একবছরে প্রতি ডলারে তিন টাকা বা ৩ দশমিক ৭১ শতাংশ দর বেড়েছে।

বাংলাদেশের রফতানির তুলনায় আমদানির পরিমাণ বেশি। তাই ডলারের দর নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে আমদানিতে ডলারের দর ৮৩ টাকা ৮৫ পয়সা নির্ধারণ করে দেয় বাংলাদেশ ব্যাংক।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com