রবিবার, ০৭ Jun ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে মোট ৬২০ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে। দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত শিশুদের মধ্যে মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ছেই।
রোববার (৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৮৭ শিশু। এর মধ্যে ১ হাজার ২২১ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে এবং ৬৬ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।
নতুন করে মারা যাওয়া সাত শিশুর মধ্যে ঢাকায় চারজন, চট্টগ্রামে একজন, ময়মনসিংহে একজন এবং খুলনায় একজন রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে ৫২৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৯১ শিশু। ফলে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬২০ জনে।
অধিদপ্তরের হিসাব বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ৭৯ হাজার ১২ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ সময় ৬৪ হাজার ২৬৩ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে ৬০ হাজার ৮৪ শিশু চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি জোরদার করা এবং আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসার আওতায় আনা জরুরি। স্বাস্থ্য অধিদপ্তরও অভিভাবকদের শিশুদের টিকা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।