শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

সূচকের বড় পতন

অর্থনৈতিক ডেস্ক:: টানা চার কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকার পর আজ সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্যসূচকের বড় দরপতন হয়ছে। মূল্যসূচকের পাশাপাশি এদিন উভয় বাজারে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানেরই শেয়ারের দাম কমেছে। তবে বেড়েছে লেনদেনের পরিমাণ।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৯০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। বিপরীতে কমেছে ২০৯টির, আর অপরিবর্তিত রয়েছে ৩৫টির দাম।

দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪৮ পয়েন্ট কমে ৫ হাজার ৮৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দু’টি মূল্যসূচকের মধ্যে ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ২০ পয়েন্ট কমে ২ হাজার ১৫২ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৬৭ পয়েন্টে।

বাজারটিতে আজ মোট ৩৮৯ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয় ৩৬৩ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার। সে হিসাবে আজ লেনদেন বেড়েছে ২৬ কোটি ১০ লাখ টাকা।

টাকার অংকে সোমবার ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে ইবনে সিনার শেয়ার। এদিন কোম্পানিটির মোট ১৬ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা মুন্নু সিরামিকের শেয়ার লেনদেন হয়েছে ১৫ কোটি ৯ লাখ টাকার। আর ১২ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে ন্যাশনাল টিউবস।

লেনদেনে এরপর রয়েছে- জেমিনি সি ফুডস, ইউনিক হোটেল, আনোয়ার গ্যালভানাইজিং, নাহিন অ্যালুমিনিয়াম, আলিফ ইন্ডাস্ট্রিজ, লংকাবাংলা ফাইন্যান্স এবং ইফাদ অটোস।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএসসিএক্স ৮৬ পয়েন্ট কমে ১০ হাজার ৮৮২ পয়েন্টে অবস্থান করছে। বাজারটিতে লেনদেন হয়েছে ২৬ কোটি ৩০ লাখ টাকার শেয়ার। আগের দিন লেনদেন হয় ১৭ কোটি ৭০ লাখ টাকার শেয়ার। সিএসইতে সোমবার লেনদেন হওয়া ২২৭টি প্রতিষ্ঠানের মধ্যে ৬২টির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে কমেছে ১৪৮টির, আর অপরিবর্তিত রয়েছে ১৭টির শেয়ারের দাম।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com